ভান্ডারিয়ায় অস্ত্র ও গুলি উদ্ধার ॥ আটক-১
পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে একটি পিস্তল, ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ রাজিব (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক রাজিব বরগুনা জেলার সদর উপজেলার আমতলারপার এলাকার মোশারেফ এর ছেলে।
পিরোজপুর পুলিশের গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর ওসি মো. জাকারিয়া ডিবির অফিসার ও ফোর্সসহ চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে ভান্ডারিয়া থানা এলাকায় অভিযান চালায়। বুধবার রাত ৩টার দিকে তারা নদমুলা ইউনিয়নের চেয়ারম্যান বাড়িগামী পাকা ব্রিজের উপর পৌঁছলে সেখানে রাজিবকে দেখে সন্দেহ হলে তাকে পরিচয় জিজ্ঞেস করা হয়। সাথে সাথে সে দৌঁড়ে পালাবার চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তাকে ধরে ফেলে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি অস্ত্রের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোয়েন্দা পুলিশের এস আই মো. দেলোয়ার হোসাইন জসিম বাদী হয়ে তার (রাজিব) বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
পিরোজপুর পুলিশের গোয়েন্দা শাখা (উত্তর) এর ওসি মো. জাকারিয়া জানান, রাজিবকে আসামী করে ভান্ডারিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
জানা গেছে, আটক আসামী রাজিবের বিরুদ্ধে বরগুনা সদর থানায় দুইটি মাদক মামলা, একটি নারী শিশু এবং চারটি গুরুতর জখমসহ হত্যার চেষ্টা মামলা আদালতে বিচারাধীন আছে।
