পিরোজপুরে সড়ক পরিবহন আইন অমান্য করায় মোটর সাইকেল চালকদের মামলা ও জরিমানা
পিরোজপুর সদর উপজেলার পৌর শহরে সড়ক পরিবহন আইন অমান্য করায় দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
রবিবার সকাল থেকে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে আইন অমান্য করে হেলমেট ব্যবহার না করে মোটর সাইকেল চালানো, অতিরিক্ত যাত্রী বহন করা এবং গাড়ির নিবন্ধন না থাকায় সড়ক পরিবহন আইনে মামলা ও জরিমানা করা হয়েছে। দিনব্যাপী নিজে দাঁড়িয়ে থেকে মামলা দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান (বিপিএম)। এসময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ মো. মাসুদুজ্জামান।
ট্রাফিক পুলিশ সুত্র জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মোটর সাইকেল চালককে হেলমেট পড়া ও অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য দিনব্যাপী এ অভিযান চালানো হয়। এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী হেলমেটবিহীন গাড়ি চালানো ও অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ি চালানো অপরাধে ২৩টি মামলা দেওয়া হয়েছে এবং জরিমানা আদায় করা হয়। এছাড়া নিবন্ধনের কাগজ না থাকার অভিযোগে ১০টি মোটর সাইকেল আটক করা হয়। এসময় হেলমেটবিহীন প্রায় শতাধিক চালককে হেলমেট কিনে এনে মোটর সাইকেল নিতে হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান (বিপিএম) জানান, সড়ক পরিবহন আইন মেনে গাড়ি ও মোটর সাইকেল চালাতে হবে। পিরোজপুর পলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান এর নির্দেশে শহরের কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২৩টি মামলা দিয়ে জরিমানা করা হয়েছে এবং ১০টি মোটর সাইকেল আটক করা হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে না চললে পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
