অসহায় মানুষদের সামাজিক নিরাপত্তা বিধানে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন একজন জনবান্ধব সরকার প্রধান। সকল মানুষের জীবনের নিরাপত্তার জন্য তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে প্রতিবন্ধি, পঙ্গু, বিধবা, স্বামী পরিত্যাক্তা, বয়স্ক ব্যক্তিদের ভাতা প্রদান, ক্যান্সার, কিডনি, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান, গৃহহীনদের ঘর তুলে দেওয়াসহ অসহায় মানুষদের সামাজিক নিরাপত্তা সৃষ্টিতে কাজ করছেন। তার লক্ষ কোন মানুষ যেন পিছিয়ে না থাকে।
আজ বুধবার পিরোজপুর সার্কিট হাউজে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের সরকারী আর্থিক অনুদান ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিনের অবহেলিত পিরোজপুরের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, রাস্তাঘাট, ব্রীজ, কালর্ভাটের উন্নয়নসহ বিভিন্ন সেক্টরে উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। উন্নয়ন বঞ্চিত পিরোজপুরকে একটি সমতার জায়গায় নিয়ে আসার জন্য কাজ করছি। কেননা দেশের অন্য এলাকায় উন্নয়ন হবে আর পিরোজপুর পড়ে থাকবে পিছনে, সেটা তো হয় না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপন্ন অসহায়, দুস্থ, অনাথসহ সকল শ্রেণির মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করেছেন। করোনার সময় ত্রাণ সহায়তা, টিকা দান কার্যক্রম, টিকার বুষ্টার ডোজ দেওয়ার ব্যবস্থা করেছেন।

পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল কবির।
এসময় সিভিল সার্জন ডা. ইউসুফ হাসনাত জাকি, অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল ইসলাম, প্রবীন আওয়ামী লীগ নেতা এডভোকেট চন্ডিচরণ পাল, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান খান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ৪৩ জন দরিদ্র রোগীকে চিকিৎসা সহায়তা হিসেবে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সরকারী আর্থিক অনুদান দেয়া হয়। ২০২১-২০২২ অর্থ বছরে পিরোজপুর জেলায় ৩৩২ জনকে পর্যায়ক্রমে এ চিকিৎসা সহায়তা দেওয়া হবে।
