পিরোজপুরে অন্তঃসত্ত্বা গৃহবধুকে পিটিয়ে আহত ॥ বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
পিরোজপুর সদর উপজেলার কদমতলায় জমি দখল নিয়ে পূর্ব বিরোধের জেরে এক অন্তঃসত্ত্বা গৃহবধুর উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। আহত গৃহবধু বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
গৃহবধুর উপর হামলার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবীতে শুক্রবার পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন করেন আহতের স্বামী বাদল পাইক ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে আহতের স্বামী বাদল পাইক জানান, তিনি ও তার পরিবার সংখ্যালঘূ সম্প্রদায়ের লোক হওয়ায় কদমতলা এলাকার তার বাড়ির পাশের প্রতিবেশী ৭১’র কুখ্যাত রাজাকার সেকেন্দার আলী স্বর্নমত ও তার ছেলে সাফায়েত স্বর্নমত, তার জমি দখলের জন্য নানাভাবে তাদের হয়রানি করে আসছিল। এ হামলার আগে তারা তার এক শিশু মেয়েকে ধর্ষনের চেষ্টাও করে। গত ১৪ নভেম্বর বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকার সুযোগে সেকেন্দার আলী স্বর্নমত ও সাফায়েত স্বর্নমত লোকজন নিয়ে তার (বাদল পাইক) বাড়িতে ঢুকে তার গর্ভবতী স্ত্রী ঝুমুর পাইকের উপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে করে প্রথমে বাড়ির সীমানা প্রাচীর উপড়ে ফেলে দেয়। এ সময় তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই শিশু মেয়ে ঘরের ভিতর থেকে সামনে বেড়িয়ে এলে হামলাকারীরা তাদের মারধর শুরু করে এবং তার স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে এবং পেটে কিল, ঘুষি, লাথি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে তার স্ত্রীর ও মেয়েদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তার স্ত্রী ঝুমুরকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে।
বাদল পাইক অভিযোগ করেন, সদর থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোন মামলা নেয়নি। তারা মিমাংসার কথা বলে সময়ক্ষেপন করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তপন বসু, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ।
পিরোজপুর সদর থানার অফিসার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে একটি হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
