যে সমাজে নারীর মূল্যায়ন হয় না সে সমাজ এগোতে পারে না : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, যে সমাজে নারীর মূল্যায়ন হয় না সে সমাজ এগোতে পারে না। তাই পরিবার, সমাজ, দেশ সর্বক্ষেত্রেই নারীকে মর্যদাপূর্ন অবস্থানে রাখা উচিৎ। নারীকে মূল্যায়ন করলে সন্তান, পরিবার, সমাজ উপকৃত হবে। কেননা একজন ভাল নারী, ভাল মা- ই পারে তার সন্তানকে আদর্শিক সন্তান হিসেবে গড়ে তুলতে।
তিনি বলেন, ভবিষৎ প্রজন্মকে আদর্শ, নৈতিকতা, মূল্যবোধ, সততা চারিত্রিক বৈশিষ্টে পরিনত হতে হবে। আর এর জন্য প্রয়োজন একজন ভাল মা। একজন ভাল মায়ের সন্তান খারাপ হতে পারে না। যে মা তার সন্তানকে ধর্মীয় অনুভূতিবোধ সেখাবেন সে সন্তান খারাপ হতে পারে না। আদর্শিক শিক্ষার কোন বিকল্প নেই।
মঙ্গলবার পিরোজপুরে জাতীয় মহিলা সংস্থা আয়োজিত কৃতি ছাত্রীদের সনদপত্র বিতরণ ও এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, একজন মা উদারতার আঁধার, একজন মায়ের হৃদয় বিশাল হৃদয়। সে সকল বিষয় সংবরণ করতে পারেন। সন্তান খারাপ আচরণ করলে বাবা সন্তানকে গালিগালাজ করলেও একজন মা তা সামাল দেন। সন্তানকে বোঝান, সন্তানের বাবাকে বোঝান। এভাবেই তিনি পরিবারের সকলের সাথে সমন্বয় করে তার পরিবারকে সুখে রাখেন। আদর্শে ভরা নারীর প্রাণ, মমত্বে ভরা, ভালবাসায় ভরা নারী, শ্রদ্ধায় স্থানে নারী এ বিষয়টি পরিবারে, সন্তানকে শিখাতে হবে। যে সমাজে নারীর মূল্যায়ন হয় না সে সমাজ এগোতে পারে না।
তিনি আরো বলেন, মেয়েদের দ্রুত বিয়ে দেওয়ার প্রবনতাকে থেকে বেড়িয়ে আসতে হবে। তাকে ভালভাবে লেখাপড়া করিয়ে স্বাবলম্বি হওয়ার সুযোগ দেওয়া উচিৎ। নারীদের এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের যোগ্যতাকে কাজে লাগাতে হবে। কেননা কর্মজীবনে নারী এখন সাফল্যের সাথে কাজ করছে।

পিরোজপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রাশিদা আকরামের সভাপতিত্বে মহিলা সংস্থার কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সুধি সমাবেশে আরও বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।
এসময় মঞ্চে অতিরিক্ত পুলিশ সুপার খান্দার খায়রুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ, নারী নেত্রী কাজী রুহিয়া বেগম হাসি, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান খান শামীমসহ জাতীয় মহিলা সংস্থার সদস্যবৃন্দ মঞ্চে উপবিষ্ট ছিলেন।
পরে মন্ত্রী পিরোজপুরে জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেওয়া কৃতি ছাত্রীদের মাঝে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করেন।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ শ ম রেজাউল করিম পিরোজপুর সদর উপজেলা পরিষদের সভা কক্ষে বিশ্ব শিক্ষক দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

এসময় পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহমেদ, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান, পিরোজপুর জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার কারিগরী শিক্ষাকে প্রাধান্য দিচ্ছে। দক্ষ জনশক্তি তৈরির শিক্ষাকে প্রাধান্য দিচ্ছে। যাতে শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিয়ে দেশে ও দেশের বাইরে দক্ষ জনশক্তি হিসেবে নিজের মেধাকে কাজে লাগাতে পারে। বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। অতীতে গবেষণার সীমিত সুযোগ ছিল। শেখ হাসিনা সরকার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আলাদা অর্থ বরাদ্দ দিচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণাগার তৈরি করে দিচ্ছে, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের নিয়োগ দিচ্ছে। গতানুগতিক শিক্ষার বাইরে যে আধুনিক শিক্ষাকে কাজে লাগানো যায় সে শিক্ষার প্রসার করাই বর্তমান সরকারের লক্ষ্য। কারণ সার্টিফিকেট ভিত্তিক শিক্ষা কোন কাজে আসে না।
