প্রধান সূচি

আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে স্বাবলম্বি হতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে স্বাবলম্বি হতে হবে। নিজের যোগ্যতা নিজেকেই প্রমাণ করতে হবে। ভাল লেখাপড়া করে দেশ ও জাতীর কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। মেধাবী মানুষ তৈরী হতে পারলে, যোগত্যা থাকলে তাকে খুঁজে নিয়ে সরকার চাকুরী দিবে। তাকে টাকা দিয়ে বা মামু-খালু ধরে চাকুরী নিতে হবে না।
তিনি বলেন, শুধু ভাল জিপিএ পেলেই আদর্শ শিক্ষায় শিক্ষিত হওয়া যায় না। ভাল লেখাপড়ার পাশাপাশি ঐকান্ত্রিক ইচ্ছা, নিরলস প্রচেষ্টা, গভীর অধ্যবসায় এবং সততা এই চারটি বিষয় জীবনে ধারণ করতে পারলে তার জীবনে কোন ব্যর্থতা আসতে পারবে না। তাকে চাকুরীর জন্য মামু-খালুও ধরতে হবে না। নিজের মেধা ও যোগ্যতা দিয়ে স্বনির্ভর হওয়া যায়। সরকার তরুন ও যুবকদের স্বাবলম্বি করার জন্য নানাভাবে সহযোগিতা করে চলছে।
সোমবার পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহিদ ওমর ফারুক মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত ‘মধ্যম আয়ের দেশে উন্নীত বাংলাদেশ: তারুণ্যের ভাবনায় মিট দ্যা মিনিস্টার’ শীর্ষক সংলাপে মন্ত্রী এসব কথা বলেন।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির অহমেদের পরিচালনায় ব্যতিক্রমধর্মী আয়োজিত সংলাপ অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিরোজপুর জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী এবং পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম।


অনুষ্ঠানে শ ম রেজাউল করিম বলেন, আজকের তরুণ প্রজন্মের আগ্রই হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা। তাদের মধ্যে আকাঙ্খা জাগ্রত করতে না পারলে মাতৃভূমি বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা অস্পষ্ট থেকে যাবে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল-আমরা সবাই ভালো মানুষ হবো। আমাদের মধ্যে কোন বিরোধ থাকবে না, কোনভাবে সাম্প্রদায়িকতায় জড়িত হবো না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে-মিশে থাকবো। দেশে দুর্নীতি থাকবে না, ধনী-দরিদ্রের বৈষম্য থাকবে না। গ্রামের একজন মানুষ না খেয়ে মারা যাবে, আরেকজন শত কোটি টাকার মালিক হবে, সেটা হবে না। এ দেশটা আমাদের সকলের। প্রত্যেকটি মানুষের নাগরিক ও সাংবিধানিক অধিকার সমান।


সংলাপে সুশাসন সম্পর্কিত শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সবার জন্য একই ধরণের শাসনই হলো সুশাসন। সরকারি কর্মকর্তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন, কেউ দুর্নীতি করলে, অন্যায় করলে ছাড় না পাওয়া- সেটাই সুশাসন। সমাজের জন্য, রাষ্ট্রের জন্য যেটা ন্যায্য, যেটা ভালো সেটা প্রশাসনিকভাবে সবার জায়গা থেকে করাই হচ্ছে সুশাসন।
অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আইন অনুযায়ী নিম্ন আদালত পরিপূর্ণভাবে স্বাধীন। আদালতের অনিয়ম দূর করার জন্য সরকার সচেষ্ট রয়েছে। অদূর ভবিষ্যতে বিচারের জন্য মানুষের হাহাকার থাকবে না।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোভিড ব্যবস্থাপনা সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে শ ম রেজাউল করিম বলেন, কোভিড ব্যবস্থাপনায় বাংলাদেশ যা করতে পেরেছে তা পৃথিবীর অনেক দেশ পারে নি। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র নীতির অভাবনীয় সাফল্য। আমাদের প্রধানমন্ত্রী যেভাবে দূরদৃষ্টির পরিচয় দিয়েছেন, এটা সারা বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। পররাষ্ট্র নীতিতে ও ভ্যাকসিন ব্যবস্থাপনায় অনন্য নজির দেখিয়েছেন শেখ হাসিনা।
সংলাপ অনুষ্ঠানে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ, সরকারী মহিলা কলেজ, আফতাবউদ্দিন মহাবিদ্যালয়, তেজদাসকাঠী মহাবিদ্যালয়, পিরোজপুর সরকারী বালক বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ জেলার ১২ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক’শ শিক্ষার্থী অংশ নেয়। তারা মন্ত্রীকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। মন্ত্রী একে একে সকল প্রশ্নের উত্তর দেন। পরে সংলাপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করেন মন্ত্রী।


এর আগে সকালে মন্ত্রী পিরোজপুর সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন, ঘূর্ণিঝড় ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় ব্যক্তিদের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে মিল্ক ক্রিম সেপারেট মেশিন বিতরণ করেন। পরে পিরোজপুর জেলা ব্যান্ড বুকের মোড়ক উন্মোচন করেন তিনি।
এদিন বিকেলে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন দুর্গা মন্দিরে প্রধানমন্ত্রীর অনুদান, মন্ত্রীর ব্যক্তিগত অনুদান এবং জেলা পরিষদের অনুদান প্রদান করেন মন্ত্রী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial