ভাণ্ডারিয়ায় সরকারী খাল ও মসজিদ সংলগ্ন খালের সিড়ি করে পাকা ভবন নির্মানের অভিযোগ
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের মাঝিবাড়ী বাজার সংলগ্ন সরকারী খাল ও মসজিদের পাকা সিড়ি দখল করে পাকা ভবন নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় মাঝী বাড়ী বাজার ব্যবসায়ীসহ সকলের সুবিধার জন্য সরকারীভাবে মাঝি বাড়ি খালের উপর নির্মিত পাকা সিড়ি হওয়ার পর থেকে বছরের পর বছর ধরে মসজিদের মুসল্লীরা ওযু, মাঝী বাড়ী বাজার ব্যবসায়ীরা গোসল করাসহ শত শত নারী, পুরুষ ও খালের পাশেই অবস্থিত মাঝি বাড়ী দাখিল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা ওই সিড়ি দিয়ে খালের পানি ব্যবহার করে আসছে। কিন্তু স্থানীয় ভূমি দস্যু ও প্রভাবশালী পারূল বেগম, তার ছেলে প্রিন্স তালুকদার এবং আবদুল লতিফ তালুকদারের ছেলে বাদল তালুকদার এলাকার কিছু কুচক্রি মহলকে সাথে নিয়ে খালের ওপর নির্মিত জনগুরুত্বপূর্ণ ব্যবহৃত সিড়ি দখল করে রাতের আধারে পাকা ভবনের কাজ চালিয়ে যাচ্ছে। এ সময় শিক্ষক খন্দকার রেজাউল করিম, ব্যবসায়ী সেলিম, মসজিদের ইমাম সিড়ি নির্মানে বাঁধা দিলেও তারা না শুনে কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় ইউপি সদস্য সওকত হোসেন সেপাহী জানান, খাল দখল করার কথা শুনে আমি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের জন্য বলে আসি।
স্থানীয় মসজিদের মুসল্লী রুহুল আমিন তালুকদার, খালেক খন্দকার, জাকির হোসেন খন্দকার, আব্দুল জলিল খন্দকার, দুলাল খন্দকার, কাঞ্চন আলী ও শওকত হোসেন তালুকদারসহ গ্রামবাসী সরকারী ঘাটলাটি যাতে দখল করতে না পারে তার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
