সুধাংশু শেখর হালদার বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ার এক সাহসী যোদ্ধা ছিলেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত, কুসংস্কারমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে এক সাহসী যোদ্ধা ছিলেন বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান প্রয়াত সুধাংশু শেখর হালদার। ৯১ সালের সংবিধানের দ্বাদশ সংশোধনের অন্যতম প্রণেতা সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সুধাংশু শেখর হালদার আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সামরিক শাসক জিয়া ও এরশাদের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদ করে বার বার কারাবরণ করেছেন। বুধবার দুপুরে সুধাংশু শেখর হালদারের ১৭তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুায়ালী সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের বরিশাল অঞ্চলের ট্রাষ্টি সুরঞ্জিত দত্ত লিটু, পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট দিলীপ মাঝি, সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিকদার চান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হোসেন পীরু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী, ধর্ম মন্ত্রণালয়ের মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের উপ-পরিচালক প্রিয়াংকা সিকদার।
মন্ত্রী বলেন সুধাংশু শেখর হালদার অসাধারণ পার্লমেন্টেরিয়ান, সৎ, সাহসী ও আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। তিনি রাজনীতির গুণগত পরিবর্তন চেয়েছেন। সুধাংশু শেখর হালদারের অকুতোভয় মানসিকতা আমাদের মুগ্ধ করেছে। আমি তার একজন কর্মী ছিলাম, এ পরিচয় দিতে গর্ববোধ করি।
তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র এখনও শেষ হয়ে যায়নি। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এবং নব্য পাকিস্তান পন্থীরা চায়না যে বঙ্গবন্ধুর এ সোনার বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও বিষ্ময়কর নেতৃত্বে সত্যিকার অর্থেই সোনার বাংলা হয়ে উঠুক। এ কারণে তারা দেশে বিদেশে একের পর এক ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের সকলের এসব ষড়যন্ত্র রুখে দিতে সজাগ থাকতে হবে।
