নাজিরপুরে আ’লীগ নেতার দখল করা অবৈধ স্থাপনা উচ্ছেদ
পিরোজপুরের নাজিরপুরে উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খানের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে প্রশাসন। রবিবার দিনব্যাপী জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা ভূমি অফিস সূত্র জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নাজিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশের অর্ধ একর সরকারী জমি (৫০ শতাংশ) গত প্রায় ৩০ বছর ধরে অবৈধ ভাবে দখল করে মার্কেট নির্মান তৈরী করে ভাড়া দিয়ে আসছেন। সম্প্রতি ওই জমি সরকারী উন্নয়নমূলক কাজের লাগানোর জন্য তাকে উচ্ছেদের নোটিশ দেয়া হয়। কিন্তু তিনি সে নোটিশ অমান্য করে পুন:রায় সেখানে ঘর তৈরী করছেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খান জানান, ক্রয়সূত্রে ১৫ শতক জমি নিয়ে মামলা চলছিল। সেখানে ১৫টি আধাপাঁকা ঘরসহ একটি পাকা ভবন নির্মান করা হয়েছিল। সে ভবনসহ ওই জমিতে থাকা সকল স্থাপনা অবৈধভাবে ভেঙ্গে ফেলা হয়েছে।
নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুর রহমান জানান, ওই জমিটি সরকারী খাসজমি। জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেখানে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
