প্রধান সূচি

পিরোজপুরে লকডাউন

শহরে কড়াকড়ি ॥ অন্যত্র ঢিলেঢালা

লকডাউনে পিরোজপুর জেলা শহরসহ উপজেলা শহরগুলোতে কঠোরতা দেখা গেলেও শহরতলী ও ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে চলছে ঢিলেঢালাভাবে। গ্রামীন হাটবাজারগুলোতে লোকসমাগম হলেও সেখানে মানা হচ্ছে না কোন বিধিনিষেধ।

পিরোজপুরে কঠোর লকডাউনের ৪র্থ দিনে রবিবার সকালে বাজারগুলোতে লোকজনের ভীড় দেখা গেছে। তবে অন্যান্য স্থানে রাস্তাঘাট ছিল বেশ ফাঁকা। অন্যদিকে আগের দিনগুলোর চেয়ে শহরে রিক্সা চলাচল ছিল বেশী। সেই সাথে চলাচল করেছে কিছু ইজিবাইকও। তবে আইন-শৃংখলা বাহিনীর লকডাইন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে। শহর এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া বের হলে, মাস্কবিহীন চলাফেরা করলে গুনতে হচ্ছে জরিমানা।

বরিবার জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। এদিন মোবাইল কোর্টের ৪৫টি মামলায় ১৩ হাজার ৯৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদিকে, জেলা ও উপজেলা শহর এলাকায় দোকানপাট বন্ধসহ লকডাউন কঠোরভাবে কার্যকর হলেও শহরতলী ও ইউনয়ন পর্যায়ের চায়ের দোকানসহ বিভিন্ন দোকানপাট অনেক রাত পর্যন্ত খোলা থাকতে দেখা গেছে।

শনিবার ৮টার সময় দেখা গেছে নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাসষ্ট্যান্ড এলাকায় লোকজনের বেশ ভীড়। এখানে হোটেলের মধ্যে লোক বসিয়ে খাওয়ানো হচ্ছে। চায়ের দোকান, ফলের দোকানসহ বিভিন্ন দোকানপাট ছিল খোলা। জানা গেছে, বিকেলে পুলিশ চলে যাওয়ার পর থেকেই বাসষ্ট্যান্ড এলাকার বিভিন্ন দোকানপাট খুলতে শুরু করে এবং লোকজনের ভীড়ও বাড়তে থাকে।

পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া বাজার, সিকদারমল্লিক রাস্তার মোড়, কদমতলার গ্যানেশার মোড়, কদমতলা বাজার, ব্রাহ্মনকাঠী এলাকায় চায়ের দোকানসহ বিভিন্ন দোকানপাট খোলা দেখা গেছে।

এছাড়া পিরোজপুর শহরতলীর শিকারপুর সাহেবপাড়া, পালপাড়াসহ বিভিন্ন এলাকায় কিছু কিছু দোকান খোলা থাকছে। অভিযোগ রয়েছে শিকারপুরের সাহেবপাড়া এলাকায় ক্লাবঘর খুলে সেখানে দিনে রাতে যুবকদের আড্ডাও চলছে হরদম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial