উপবৃত্তির টাকা আত্মসাৎ ॥ নগদ এজেন্টকে জরিমানা
পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজারের এ.আর কম্পিউটার নামক টেলিকম ব্যবসায়ী এবং নগদ এজেন্টের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি উপবৃত্তির টাকা আত্মসাৎ করার অভিযোগে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ভুক্তভোগী মুক্তা শীল এ.আর কম্পিউটারের মালিক মো. জালিজ মাহামুদ রাসেলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ অভিযোগ দায়ের করেন।
মুক্তা শীল জানান, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সরকার নগদ একাউন্টের মাধ্যমে টাকা প্রদান করেছে। সে হিসেবে তার মেয়ে অধরা শীল উপজেলার আসপর্দি উজিয়াল খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী হিসেবে উপবৃত্তির টাকা পায়। তার মেয়ের সেই উপবৃত্তির টাকা তুলতে গত মঙ্গলবার সকালে এ.আর কম্পিউটারে তার দেবর পরী শীল তার মোবাইল নিয়ে যায়। তখন এ.আর কম্পিউটারের মালিক জালিজ মাহামুদ রাসেল আমার মোবাইলে থাকা ৩ হাজার ১শ’ টাকা তুলে নিয়ে আমার দেবরকে সে এক হাজার টাকা দেন। রাতে সেই টাকা নিয়ে দেবর আমার কাছে দেয়। পরে বুধবার সকালে প্রতিবেশী একই স্কুলের শিক্ষার্থীর মায়ের কাছে তার মেয়ের উপবৃত্তির কত টাকা পেয়েছেন জানতে চাইলে সে বলে ১ হাজার ৯শ’ টাকা পেয়েছেন। এ কথা শুনে আমি সকালে বাজারের এ.আর কম্পিউটারে এসে টাকার কথা জানতে চাইলে তখন দোকানদার আমাকে ৯শ’ টাকা দিয়ে বলেন, মোবাইলে এছাড়া আর কোন টাকা ছিল না। পরে আমি সেখান থেকে অন্য একটি দোকানে গিয়ে মোবাইল থেকে কত টাকা উত্তোলন করা হয়েছে জানতে চাইলে, সে একাউন্ট চেক করে বলেন মঙ্গলবার সকালে ৩ হাজার ১শ’ টাকা ওঠানো হয়েছে। বিষয়টি আমি এক শিক্ষককে জানালে তিনি উপজেলা নির্বাহী অফিসার স্যারকে বললে তিনি এ.আর কম্পিউটারে এসে জালিজ মাহামুদের কাছে টাকার বিষয়টি জানতে চান। এসময় দোকানদার আমাকে ইউএনও স্যারের উপস্থিতিতে আরো ১২০০ টাকা দেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ.আর কম্পিউটারের মালিক মো. জালিজ মাহামুদ রাসেলকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
