ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত-১
জেলার ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রামচন্দ্রপুর গ্রামের হান্নান হাওলাদারের ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘদিন ধরে একই এলাকার হাসেম মুন্সির ছেলেরা জোর করে ভোগদখল করতো। কিছুদিন আগে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের শালিশ বৈঠকের মাধ্যমে ৫ শতাংশ জমি হান্নান হাওলাদারকে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু প্রতিপক্ষের লোকজন এটা মেনে নিতে পারে নি। মঙ্গলবার সকালে উক্ত জমিতে হাসেম মুন্সির ছেলে ইব্রাহীম, কবির চাষাবাদ করতে গেলে হান্নান হাওলাদার বাধা দেয়। এ সময় বেল্লাল, হেল্লাল, জসিম, হাসিব, আনোয়ার ও বারেক গংরা হান্নান হাওলাদারকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে সে ডাকচিৎকার দিলে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
হামলার শিকার হান্নানের স্ত্রী রহিমা বেগম জানান, ওই জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। এর আগে আমিসহ আমার বিবাহিত মেয়ে ও স্বামীর উপর হামলা করে এবং বিভিন্ন সময় আমাদের কলাবাগান, কৃষি ক্ষেত নষ্ট করে ফেলে। তারা শালিশ ব্যবস্থাও মানে না।
হামলাকারী হেলাল জনান, ইব্রাহীমের কবলা রাখা জমিতে সে চাষ করতে যায়। পরে হান্নান হাওলাদার এসে বাঁধা দেওয়ায় তার সাথে ধস্তাধস্তি সময় ট্রাক্টরের হ্যান্ডেলের আঘাত লাগে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, মারামারি ঘটনা শুনেছি, তবে এখনও কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
