নাজিরপুরের গাঁওখালী বাজারে অগ্নিকান্ড ১০ দোকান ভস্মীভূত
পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাঁওখালী বাজারে বুধবার রাত ১১টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বাজারের ১০টি দোকান পুড়ে ছাঁই হয়ে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাজারের ব্যবসায়ী প্রশান্ত কুমারের হোমিওপ্যাথিক ঔষধের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সর্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের পাশেই তেলের দোকানে আগুন লেগে দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে বাজারের স্বর্ণকার ব্যবসায়ী প্রবীর কর্মকারের দোকন, প্রশান্ত কুমারের হ্যোমিওপ্যাথিক ঔষধের দোকান, রিয়াজের লেপ-তোষকের দোকান, হাফিজুরের মুদির দোকান, খোকনের কাপড়ের দোকান, সজিবের কাপড়ের দোকান, আশিকের মুদির দোকান, সেলিম হাওলাদারের মুদির দোকান, খোকনের-২ এর কাপড়ের দোকান পুড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে নাজিরপুর পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে আগুন লাগার খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট র্দীঘা ব্রিজ পর্যন্ত গিয়ে আগুন নিয়ন্ত্রনের সংবাদ পেয়ে সেখান থেকে তারা ফিরে যায়।
বাজারের ব্যবসায়ী অসীম কর্মকার জানান, অগ্নিকান্ডে বাজারের ১০টি দোকান ঘর মালামাল সহ পুড়ে ছাঁই হয়ে গেছে। এই অগ্নিকান্ডে নগদ টাকা ও মালামালসহ প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ক্ষতির পরিমান আরো বাড়তে পারে।
নাজিরপুর ফায়ার সার্ভিসের টিম প্রধান মো. শহিদুল ইসলাম জানান, আমরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। বাজারের ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে ক্ষতির পরিমান জানাতে পারবো।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুজ্জামান ও পুলিশ পরিদর্শক মো. জাকারিয়া (ওসি তদন্ত) জানান, ঘটনা শোনামাত্র ওই রাতেই আমাদের টিম এবং ফায়ার সার্ভিস টিম এক সাথে কাজ করেছি বিধায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
