নাজিরপুরে নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হত্যার হুমকীর অভিযোগ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের নৌকার প্রার্থী মো. বেলায়েত হোসেন বুলুর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদুল ইসলাম বিলুর কর্মী মো. তুহিন মজুমদার (৪০)কে হত্যার হুমকীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. তুহিন মজুমদার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী তুহিন মজুমদার ওই ইউনিয়নের তারাবুনিয়ার হোগলাবুনিয়া গ্রামের মোকছেদ আলী মজুমদারের ছেলে ও স্থানীয় ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা তুহিন মজুমদার রবিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় হোগলাবুনিয়া বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বুলু, তার ছোট ভাই রুবেল হোসেন ডালুসহ ১০/১২ জন লোক দা, লোহার রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে তাকে হত্যার হুমকী দেয়।
তবে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বুলু তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবী করেছেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, হত্যার হুমকী দেওয়ার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
