শরণখোলায় ইউপি সদস্য প্রার্থীর নেতৃত্বে হামলা ॥ প্রতিপক্ষের ৩০ নেতাকর্মী আহত
বাগেরহাটের শরণখোলায় এক ইউপি সদস্য প্রার্থীর নেতৃত্বে হামলায় প্রতিপক্ষ প্রার্থীর ৩০ নেতা কর্মী রক্তাক্ত জখম হয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ৪নং সাউথখালী ইউনিয়নের উত্তর সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিবার ও ১নং সোনাতলা ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. জাহাঙ্গীর হাওলাদার বলেন, শুক্রবার সকালে আমার প্রায় ৩০/৩৫ জন নেতা-কর্মী উত্তর সোনাতলা এলাকায় আনোয়ার ফকিরের দোকানে চা খাচ্ছিল। এসময় পুর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম ডালিমের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল লাঠি-সোটা নিয়ে তার কর্মীদের উপর অতর্কিত হামলা শুরু করে। এতে মো. লুৎফর হাওলাদার, মো. মিজান হাওলাদার, মো. রেজাউল হাওলাদার, মো. নোমান হাওলাদার চা দোকানদার মো. আনোয়ার মুন্সীসহ প্রায় ৩০ কর্মী রক্তাক্ত জখম হয়।
ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম ডালিম বলেন, মেম্বার প্রার্থী জাহাঙ্গীরের সর্মাথকরা আমার এলাকায় ঢুকে প্রথমে আমার কয়েকজন কর্মীকে মারধর করে। পরে এ বিষয় নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তবে,আমি ঘটনাস্থলে ছিলাম না এবং বিষয়টি পরে জানতে পেরেছি।
শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পুুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
