বাগেরহাটে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি ॥ আহত ১৭
বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান সদস্য মো. সজিব তরফদার ও সদস্য প্রার্থী অহেদ মোস্তফা বাপ্পীর সমর্থকদের মাঝে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ডেমা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের লোকদের মাঝে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসময় ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট ভাংচুর করা হয়। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য প্রার্থী অহেদ মোস্তফা বাপ্পি বলেন, আমি বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দিয়েছি। আমার সমার্থকদের নিয়ে দোয়া চাইতে বের হলে বর্তমান ইউপি সদস্য সজিবের বাড়ির সামনে থেকে যাওয়ার সময় আমাদের উপর অতর্কিত গুলি বর্ষন করে সজিব ও তার লোকেরা। এতে আমার সমর্থক রুহুল আমিন গাজী, নওশের শেখ, মাহফুজ শেখ, রবিউল, অনিক, মিকাইল, হেলাল গাজী, মিলন শেখ, বেলাল শেখ, হৃদয়, রিন্টু তরফদার আহত হয়েছেন। তবে আরও আহত থাকতে পারে এই মুহুর্তে বলা যাচ্ছে না।
সজিব তরফদারের ভাই সোহেল তরফদার মুঠোফোনে জানান, আমার ভাই সজিব তরফদারকে হত্যার উদ্দেশ্যে মিন্টু তরফদার ও বাপ্পি শেখসহ কয়েকজন আমাদের বাড়িতে আসে। আমার ভাইকে ডাকলে সে বের হননি। এসময় আমার মা সকিনা আক্তার বুলু বাইরে বের হয়ে কারণ জানতে চাইলে তারা গুলি বর্ষন করেন। এতে আমার মা সকিনা আক্তার বুলু, রিপন তরফদার, মেহেরুন বেগম, সোহেল ও সুজা তরফদার গুলিবিদ্ধ হয়। আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছি। আমার মায়ের অবস্থা সংকটাপন্ন।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রবিউল ইসলাম বলেন, হাসপাতালে ৮ জনকে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে বিভিন্ন ধরণের ক্ষত রয়েছে। এটা শটগানের গুলি হতে পারে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, সহিংসতার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে। গুলিবিদ্ধ হয়েছে কিনা তা চিকিৎসক নিশ্চিত করতে পারবে।
