ভান্ডারিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। আজ সোমবার সাড়ে ১২টার দিকে উপজেলার ভান্ডারিয়া-মঠবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের ইকড়ি ইউনিয়নের ৪১নং বোর্ড সরকারি প্রাথমিক স্কুল সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে।
মাছ বহনকারী একটি পিকআপ ভ্যান ভাড়ায় চালিত একটি মোটর সাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় মোটর সাইকেল চালক আবু জাফর (৩২)। আজ সোমবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবু জাফর মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের মোদাচ্ছের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু জাফর মঠবাড়িয়া থেকে ভান্ডারিয়া আসার পথে এ দূর্ঘটনার শিকার হয়।
ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। চালককে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
