কাউখালী ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
পিরোজপুরের কাউখালী উপজেলা ও কলেজ ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল নেতারা।
বুধবার কাউখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদল নেতা ও নতুন কমিটির যুগ্ন-আহবায়ক মো. আল-মাহামুদ সুমন। এ সময় নতুন কমিটির সদস্যসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে পদবঞ্চিতরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ঝুলে থাকার পর গত ৫মার্চ কাউখালী উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট ও কলেজ ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। কিন্তু নবগঠিত এই আহ্বায়ক কমিটিতে ছাত্রদলের নীতিমালা ভঙ্গ করে নেশাগ্রস্ত, বিবাহিত, ছাত্রলীগ সম্পৃক্ত ও আত্মীয়দের পদ দেওয়া হয়েছে। যা দেখে আমরা কাউখালী উপজেলা ছাত্রদলেরকর্মীরা চরম হতাশ ও ক্ষুব্ধ। কারণ ওই কমিটিতে যোগ্য এবং ত্যাগী কর্মীদের সঠিকভাবে মুল্যায়ন করা হয়নি। এমনকি সরকার বিরোধী আন্দোলনে যারা রাজপথে সক্রিয় থেকে হামলা-মামলা জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদের কাউকেই রাখা হয়নি। বরং যাদের দিয়ে কমিটি সাজানো হয়েছে তাদের অনেকেই ওয়ার্ড পর্যায়ে ছাত্রদল করার যোগ্যতা রাখে না।
তারা আরও বলেন, কমিটিতে যাকে আহ্বায়ক করা হয়েছে সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে অবস্থান করে পরিবহনের ব্যবসা করে। তার বাড়ি কাউখালী উপজেলা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে শিয়ালকাঠী গ্রামে বসবাসরত মাহামুদুল হাসান তানভীর কাউখালী উপজেলা শহরে রাজনীতিতে সক্রিয় নন। শহরের কেউ তাকে চেনে না।
সদস্য সচিব হিসেবে যাকে কমিটিতে রাখা হয়েছে সে বরিশালে লেখাপড়া করত। গত এক বছর আগে তার রাজনীতিতে আগমন ঘটে। কমিটির একজন যুগ্ন আহবায়ক মাদক মামলার আসামী। এছাড়া কলেজ ছাত্রদলে যাদের নাম এসেছে তারা ওই কলেজের ছাত্রই না। তাদের কলেজ শাখার নেতা কর্মীরা চেনে না। উপজেলা ও কলেজ ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবদেরকে এসব পদ দেওয়া হলে ছাত্রদলের সংগঠন খাদের কিনারে নিমজ্জিত হবে।
পদ পাওয়া ওই চার নেতা ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও রাখেন না বলে জানান ক্ষুব্ধ নেতাকর্মীরা। এসব অছাত্র, অযোগ্য, অথর্ব লোকদের ছাত্রদলে অন্তর্ভুক্ত করে কার্যত ছাত্রদলের উপজেলা ও কলেজ ছাত্রদলকে ধ্বংস করার পাঁয়তারা চলছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
‘ছাত্রদলের এই কমিটিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি’ এই ঘোষণা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে ছাত্রদলের নতুন কমিটি গঠনের জোর দাবি জানান উপস্থিত ছাত্রদল নেতারা। তা’না হলে দাবির পক্ষে জোরালো কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সদ্য ঘোষিত কমিটির উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মানিক হাসান, যুগ্ম আহ্বায়ক লাফিতুর রহমান লাফিত, যুগ্ম আহ্বায়ক জয়দেব রায়, যুগ্ম আহ্বায়ক মো. গোলাম রাব্বানী, যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান শিপলু, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল গালিব, যুগ্ম আহ্বায়ক এসএম সাফাউর রহমান বিহন, সদস্য রিজু আকন, কলেজ কমিটি থেকে অনাস্থা দেন যুগ্ম আহ্বায়ক মীর ফয়সাল ইমতিয়াজ শোভন, রবি দাস, মো. সাকিব হোসেন, মো. জসিম মীর, রবিউল ইসলাম খান, সদস্য আবুবক্কর জমাদ্দার, মো. স্বরাজ রহমান।
