ভান্ডারিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভান্ডারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম।
পরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি জেপি, মুক্তিযোদ্ধা সংসদসহ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ, স্কাউট, ভান্ডারিয়া প্রেসক্লাব, ভান্ডারিয়া পৌরসভা, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
রবিবার একুশের সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভান্ডারিয়া শহরে প্রভাত ফেরি বের করা হয়। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কর্মসূচি পালন করা হয়।
