স্বরূপকাঠীতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
পিরোজপুরের স্বরূপাকঠী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ না করার অভিযোগ তুলে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) মেয়র প্রার্থী ও বর্তমান স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির। আওয়ামী লীগের সাবেক সাংসদ অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস. এম. মুইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান রনি দত্তসহ বেশ কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র গোলাম কবির এ সংবাদ সম্মেলন করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সবাই।
আজ শনিবার সকালে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ শহিদুল আহসানের স্বরূপকাঠি উপজেলায় নিজ বাসভবনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. গোলাম কবির অভিযোগ করে বলেন, উপজেলা আওয়ামী লীগের পদ পদবীধারী নেতৃবন্দ নৌকা মার্কার নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ না করে প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপি ও জাতীয়পার্টিসহ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ইন্দন যোগাচ্ছেন।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রনিদত্তসহ বেশ কয়েকজন নেতৃবৃন্দর উপর মেয়র প্রার্থী গোলাম কবির এসব অভিযোগ তোলেন। এমনকি ওই সকল নেতা-কর্মীদের সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ মেয়র গোলাম কবিরের।
সংবাদ সম্মেলনে গোলাম কবির অভিযোগ করে আরো বলেন, উপজেলা আওয়ামী লীগের ওই সকল নেতা-কর্মীদের সমর্থকরা নৌকা মার্কার কর্মী সমর্থকদের ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছেন।
মেয়র প্রার্থী গোলাম কবির এদের নাম উল্লেখ করে আরো বলেন, আমি এদের সকলের সাথে দেখা করেছি, যোগাযোগ করেছি। কিন্তু তারা আমাকে নির্বাচনে কোন সহযোগিতা করছেন না।
অভিযোগ অস্বীকার করে সাবেক সাংসদ অধ্যক্ষ শাহ আলম বলেন, তিনি নৌকার প্রচারণায় নেমেছেন। যখন যেভাবে পারছেন সহযোগিতা করছেন। একইসাথে অধ্যক্ষ শাহ আলম মেয়র গোলাম কবিরের দিকে একটি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বিগত জেলা পরিষদ নির্বাচনে দল থেকে তাকে (অধ্যক্ষ শাহ আলম) মনোনয়ন দেয়া হয়েছিল। তখন বর্তমান মেয়র গোলাম কবির কার পক্ষে কাজ করেছিলেন?
উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত বলেন, তিনি নৌকার পক্ষে কাজ করছেন। মেয়র প্রার্থী গোলাম কবির ব্যক্তিগত জেলাস নিয়ে এসব অভিযোগ করছেন। যার কোন ভিত্তি নেই।
এ ব্যপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ বলেন, গোলাম কবির দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি মাঠে নেমে নৌকার পক্ষে কাজ করে যাচ্ছেন। তবে আর কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ শহিদুল আহসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম ফুয়াদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ও ইউপি চেয়ারম্যান শেখর সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
