মুজিব বর্ষের উপহার
পিরোজপুরে ৩৭৫ জন গৃহহীন পরিবার পেল জমি ও নতুর ঘর
‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পিরোজপুরে প্রথম পর্যায়ে ৩৭৫ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর দেয়া হয়েছে।
আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদার কার্যক্রমের উদ্বোধনের পর পিরোজপুরের ৩৭৫ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘরের জমির দলিল ও চাবি প্রদান করা হয়।
পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন প্রধানমন্ত্রীর পক্ষে উপকারভোগীদের হাতে ঘরের জমির দলিল ও চাবি তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, সহ-সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসানসহ সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা।
পিরোজপুরে প্রথম ধাপে নির্মিত ৩৭৫ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমির মালিকানাসহ দুই কক্ষ বিশিষ্ট ঘর মুজিববর্ষের উপহার হিসেবে প্রদান করা হয়।
এরমধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৩৫টি, নাজিরপুরে ৫৫টি, নেছারাবাদে (স্বরূপকাঠী) ৭৫টি, ভান্ডারিয়ায় ৪৫টি, ইন্দুরকানিতে ৭৫টি, কাউখালীতে ৫০টি এবং মঠবাড়িয়া উপজেলায় ৪০টি ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।
পরবর্তী পর্যায়ে নির্মানাধীন বাকি ৮০০ ঘর নির্মানের মাধ্যমে প্রদান করে ৮০০টি পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও জানানো হয়।
১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে ২ শতাংশ জমির উপর প্রতিটি ঘরে ২টি থাকার রুম, একটি বারান্দা, একটি রান্না ঘর ও একটি স্বাস্থ্যসম্মত লেট্রিন রয়েছে।
