ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা
বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ সরদারের বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
সোমবার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর আদালতে নির্যাতিত স্কুল শিক্ষার্থীর বাবা বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। শিক্ষার্থীর বাবার আবেদন আমলে নিয়ে বাগেরহাট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে ১৫ কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক এসএম সাইফুল ইসলাম।
মামলায় মাসুদের সহযোগী হিসেবে চিতলমারী উপজেলার বড়গুনী এলাকার আইউব সরদারের ছেলে ছবির সরদারকে আসামী করা হয়েছে।
মামলার বাদী তার আরজিতে উল্লেখ করেন, গত ৯ জানুয়ারি রাতে প্রকৃতির ডাকে সারা দিতে ওই স্কুল শিক্ষার্থী ঘরের বাইরে বের হয়। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা চেয়ারম্যান মাসুদ সরদার, একই এলাকার ছবির সরদারসহ আরও দুই তিনজন ওই শিক্ষার্থীকে ধরে সুপারি গাছের বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে তার ডাক চিৎকারে পরিবারের লোকজনসহ স্থানীয়রা ছুটে এলে চেয়ারম্যান মাসুদ ও তার লোকজন পালিয়ে যায়।
বাদী আরও জানান, দুই তিন মাস পূর্ব থেকে চেয়ারম্যান মাসুদ সরদার তার মেয়েকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে জানালেও কোন প্রতিকার পায়নি সে। তিনি মেয়ের নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
এ বিষয়ে চেয়ারম্যান মাসুদ সরদার বলেন, আমি এসব কোন ঘটনার সাথে জড়িত নই। আমি নিজে অসুস্থ্য। সামনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ায় আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষরা এসব অপপ্রাচার চালাচ্ছে।
