চিতলমারীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত
বাগেরহাটের চিতলমারীতে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেন।
বিজ্ঞান মেলায় কলেজ পর্যায়ে শেরে বাংলা ডিগ্রি কলেজ ‘বিদ্যুৎ সাশ্রয়ী ও পানির অপচয় রোধে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পানির ট্যাংক পূর্ণকরণ’ প্রজেক্ট উপস্থাপন করে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। শেরে বাংলা ডিগ্রি কলেজের প্রজেক্ট উপস্থাপন করেণ প্রভাষক মো. জসীম উদ্দীন, প্রদর্শক মো. কাজী শফিউল্লাহ, শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম, মিতালী, মো. সোয়েব ও সম্রাট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলমের সভাপতিত্বে বিজ্ঞান মেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন, চিতলমারী উপজেলা আওয়ামী লীগে সভাপতি মো. বাবুল হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু।
