ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত ॥ গ্রেফতার ৩
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৩নং তেলিখালী ইউনিয়নের জুনিয়ায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় নাঈমা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে জুনিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী এবং ওই এলাকার গ্রাম্য হোটেল ব্যবসায়ী ইব্রাহীম হাওলাদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে নাঈমা আক্তার তার বাবার দোকান থেকে আটার রুটি নিয়ে বাড়িতে ফেরার পথে তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে থাকা একটি গোল চত্বরের পাশে দাঁড়িয়েছিল। এসময় মোটর সাইকেলে দুই জন নিকটআত্মীয়সহ জুনিয়া গ্রামের ইমাম হোসেন (১৫) নামের এক কিশোর মোটর সাইকেলটি দ্রুত গতিতে চালিয়ে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু ঘটে। এসময় চালকসহ মোটর সাইকেল থাকা ঝালকাঠী জেলার বাসিন্দা এবং ওই এলাকার জামাই মো. মিলন হোসেন (২৫), চালকের অপর এক বন্ধু পার্শবর্তী মঠবাড়িযা উপজেলার বাসিন্দা আর এক কিশোর আসলাম (১৬) আহত হয়। স্বজনরা ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টায় ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মোটর সাইকেলের চালকসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।
ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, এ বিষয়ে নিহতের বাবা ইব্রাহীম হাওলাদার বাদী হয়ে মোটর সাইকেলের চালক ও অপর দুই আরোহীসহ মোট তিনজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুুতি চলছে।
