পিরোজপুরে সিমেন্ট বোঝাই কার্গো ডুবি ॥ মালিকের লাশ উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলায় কঁচা নদীতে ১ হাজার ৯০০ বস্তা সিমেন্টসহ একটি কার্গো ডুবে গেছে। এ দুর্ঘটনায় নৌযানে থাকা কাউয়ুম খান (৩৭) নামের কার্গো মালিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের পশ্চিম জুনিয়া গ্রাম সংলগ্ন কঁচা নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল মৃত কাউয়ূমের লাশ উদ্ধার করে।
কাউয়ুম খান বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বাসান্ডা গ্রামের শহীদ খানের ছেলে এবং ডুবে যাওয়া রায়হান-২ নামের মিনি কার্গোটির মালিক।
ভান্ডারিয়া থানার ওসি এস.এম. মাকসুদুর রহমান জানান, বৃহস্পতিবার রায়হান-২ নামের নৌযানটি মংলা বন্দর থেকে সিমেন্ট বোঝাই করে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে যাত্রা বিরতি করে বৃহস্পতিবার সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার কঁচা নদীর পশ্চিম জুনিয়া গ্রামের রাস্তা সংলগ্ন বেড়ি বাঁধের পাশে নোঙ্গর করে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ কঁচা নদীর নোঙ্গর করা নৌযানটি তীরবর্তী তেলীখালী এলাকার নদী ভাঙ্গনের কবলে পড়ে। এ সময় সেখানে নোঙ্গর করা নৌযানটি ডুবে যায়। তখন ওই মিনি কার্গোর ট্রলার মালিক কাউয়ূম নিঁখোজ হলেও এর চালক আব্দুল মান্নান (৬৫) ও হেলপার ফয়সাল বেপারী (১৫) সাঁতরে উপরে উঠতে সক্ষম হন।
ভান্ডারিয়া থানার ওসি এস.এম. মাকসুদুর রহমান আরও জানান, নিঁেখাজের পর বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে শুক্রবার সকালে নদী থেকে কাউয়ূমের মরদেহ উদ্ধার করে। এরপর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া সিমেন্ট বোঝাই কার্গোটি উদ্ধারের চেষ্টা চলছে।
