প্রধান সূচি

পিতাকে আশ্রয় দেওয়ায় আশ্রয়দাতা পরিবারের সদস্যদের পিটিয়ে জখম করেছে ছেলে ও ভাই

নিজের পিতাকে আশ্রয় দেওয়া এক পরিবারের তিন সদস্যকে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্তান ও আপন ভাই। গুরুতর আহতদের একজন পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং আরেকজন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। গত শনিবার পিরোজপুরের ইন্দুরকানীতে নির্মম এ ঘটনাটি ঘটে।

পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের সুধীর হালদার (৬৫) জানান, বিগত এক বছর ধরে প্রতিবেশী হিমাংসু বৈরাগী তার বাড়িতে বাস করছেন। এ ঘটনায় ক্ষিপ্ত ছিল হিমাংসুর ছেলে এবং আপন ভাই। তাই একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে স্থানীয় মিলবাড়ীতে হিমাংসু’র ছেলে অসীম বৈরাগী এবং তার আপন ভাই মনতোষ বৈরাগী বেদমভাবে পিটিয়ে সুধীর, তার ছেলে বিষ্ণু হালদার (৩৫) এবং স্ত্রী দীপিকা হালদারকে (৫০) গুরুতরভাবে আহত করে। মাথায় আঘাতপ্রাপ্ত সুধীর পিরোজপুর জেলা হাসপাতালে এবং বিষ্ণু নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

তবে হিমাংসু জানান, ৯ বছর পূর্বে স্ত্রী মারা যাওয়ার পর ছেলেরা তার খোঁজ খবর না নেওয়ায় এবং তার সাথে খারাপ আচরণ করায় তিনি সুধীর এর বাড়িতে থাকতেন। এজন্য তার ছেলে এবং ভাই ক্ষিপ্ত হয়ে সুধীরের পরিবারের সদস্যদের উপর হামলা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মনতোষ এবং অসীমের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত কোন অভিযোগ দেয়নি ভূক্তভোগী ওই পরিবারটি বলে জানান ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial