নাজিরপুরে শিশু ধর্ষণের ঘটনায় মামলা : ধর্ষক গ্রেফতার
পিরোজপুরের নাজিরপুরে ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ ধর্ষক টুলু মন্ডল (১৫) নামে এক কিশোরকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দীর্ঘা ইউনিয়নের চাঁদকাঠী বাজার সংলগ্ন জিলবুনিয়া গ্রামে। ধর্ষক টুলু মন্ডল (১৫) একই গ্রামের পংকজ মন্ডলের ছেলে।
ধর্ষিতার পরিবারকে বিচারের আশ্বাস দিয়ে ৮ দিন পর ওই ধর্ষিতার পিতাকে ৩ হাজার টাকা নিয়ে চুপ থাকতে বলেন স্থানীয় এক ইউপি সদস্য। এ ঘটনায় শুক্রবার জাতীয় ও আঞ্চলিক দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসলে পুলিশের পক্ষ থেকে সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় ধর্ষক টুলু মন্ডলকে শুক্রবার বিকেলে আটক করেছে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে নাজিরপুর থানার অফিসার ইসচার্জ (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির জানান, এ ঘটনায় মেয়েটির পিতার অভিযোগের ভিক্তিতে একটি মামলা রুজু হয়েছে। এছাড়া ঘটনায় অন্য কারো সম্পৃক্ততা থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
ধর্ষিতার পিতা জানান, গত ১২ আগষ্ট সন্ধ্যায় তার দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়ে স্থাণীয় চাঁদকাঠী বাজারের এক প্রাইভেট শিক্ষিকার কাছ থেকে প্রাইভেট পড়ে বাড়ীতে ফিরছিলো। এ সময় ধর্ষক টুলু মন্ডল তাকে অনুসরণ করে। ওই ছাত্রী চাঁদকাঠী বাজার সংলগ্ন ব্রীজের কাছের মোকসেদ মাস্টারে ভাড়া দেয়া টিনসেট ভবনের কাছে আসলে ধর্ষক তাকে মুখচেপে ধরে ওই ঘরের বাথরুমে নিয়ে যায়। এ সময় ওই ঘরের ভাড়াটিয়া নির্মল স্বর্নকার বাসায় ছিলেন না। বাথরুমে ঢুকিয়ে ওই ছাত্রীর পরনে প্যান্ট খুলতে চাইলে সে চিৎকার করে। এ সময় ধর্ষক ওই ছাত্রীর মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। এতে সে রক্তাক্ত হলে তাকে চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে পিরোজপুর সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়। এ ঘটনা ধামা চাপা দিতে স্থানীয় ইউপি সদস্য রিটন বিশ্বাস ও সুনিল বেপারী, রব বাড়ৈ বিষয়টি মামলা না করে মিমাংসা করে দেয়ার জন্য চাপ দিয়ে সেখানে যেতে দেয়নি। পরে গত বুধবার স্থানীয় ইউপি সদস্য রিটন বিশ্বাস ওই ছাত্রীর পিতাকে ৩ হাজার টাকা নিয়ে চুপ থাকার জন্য চাপ দেয়।
এ বিষয়ে জানতে ইউপি সদস্য লিটন বিশ্বাস এমন অভিযোগ অস্বীকার করে জানান, শুরু থেকেই তিনি ওই ছাত্রীর পিতাকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছেন।
