কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনা আক্রান্ত
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রবিবার রাতে কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১০ জুলাই ইউএনও’র নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠানো হয়েছিল। রবিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
জানা গেছে, গত ১০ জুলাই ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা ও তার মেয়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। রবিবার রাতে পাওয়া রিপোর্টে ইউএনও’র করোনা পজেটিভ রিপোর্ট এলেও তার (ইউএনও) ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়ের রিপোর্ট নেগেটিভ এসেছে।
ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা গত ৯ জুলাই থেকে কাউখালীর সরকারী বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
ইউএনও খালেদা জানান, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তার পরিবারের সুস্থতার জন্য সবার কাছে তিনি দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির শুরু থেকেই একজন সম্মুখসারির যোদ্ধা হিসেবে পিরোজপুরের কাউখালী উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা উপজেলার বিভিন্ন গ্রাম ছুটে বেড়িয়েছেন। করোনা সংক্রমণ প্রতিরোধসহ উপজেলার বাসিন্দাদের স্বাস্থবিধি মেনে চলার জন্য নিয়েছিলেন বিভিন্ন পদক্ষেপ। উপজেলাতে কেউ করোনায় আক্রান্ত হলে মুহূর্তেই তাদের বাড়ি হাজির হয়েছেন। তাদের খাদ্য সহায়তা, ফল, বই প্রদানসহ যুগিয়েছেন সাহস ও শক্তি। আজ সেই কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা নিজেই করোনায় আক্রান্ত।
