রাজাকারের ছেলেকে সদস্য সচিব করায় ৮ যুগ্ন আহবায়কের পদত্যাগ
ভান্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপিতে অসন্তোষ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি (জেপি)তে অসন্তোষ দেখা দিয়েছে। উপজেলা কমিটি গঠনের একদিন পরেই কমিটিতে এক রাজাকারের ছেলেকে সদস্য সচিব করার অভিযোগ এনে ওই কমিটির মধ্য থেকে ৮ জন যুগান আহবায়ক পদত্যাগ করেছেন।
আজ বুধবার বিকেলে ভান্ডারিয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন তারা। এসময় উপজেলা জেপির সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব ও বর্তমান কমিটির যুগ্ন আহবায়ক ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, জেপির যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধূরী, আ. হাই হাওলাদার, মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, খালেকুজ্জামান নিপু, ইউপি সদস্য শাহ আলম, নজরুল ইসলাম বাচ্চু প্রমূখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেপির যুগ্ন আহবায়ক মশিউর রহমান মৃধা এবং সাবেক সদস্য সচিব ছিদ্দিকুর রহমান টুলু। বক্তব্যে তারা বলেন, চিহ্নিত রাজাকার পুত্র ড্যাব নেতা পিরোজপুর-২ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ডা. রফিকুল ইসলাম লাভলু এর ছোট ভাই অপর বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদারকে উপজেলা জেপির নবগঠিত কমিটিতে সদস্য সচিব করায় নব গঠিত কমিটি থেকে তারা একযোগে পদত্যাগ করে অনতিবিলম্বে নতুন কমিটি গঠনের দাবী জানান।
