নাজিরপুরে ঠিকাদারকে কুপিয়ে হত্যা ॥ হত্যাকারী আটক
পিরোজপুরের নাজিরপুরে আব্দুস ছবুর হাওলাদার (৪০) নামের এক ঠিকাদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের গাদেরহাট নামক এলাকায়।
নিহত ছবুর হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের উত্তর সাতকাছিমা (গাদেরহাট) গ্রামের মৃত মো. ছোবাহান হাওলাদারের ছেলে। তিনি ঠিকাদারী কাজ করতেন। হত্যাকারী মো. মিজানুর রহমান মৃধা একই এলাকার মাহাতাব মৃধার ছেলে। সে স্থানীয় মৃধাবাড়ী মসজিদের ইমাম।
নিহতের মেয়ে কারিশিমা খানম জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় মৃধাবাড়ি মসজিদের ইমাম মো. মিজানুর রহমান মৃধা তাদের (নিহত ছবুর) ঘরে ইট মারে। এ সময় তার পিতা ঘর থেকে বের হয়ে প্রতিবাদ করলে মিজানুর রহমানের হাতে থাকা একটি হাতল বিহীন দা’য়ের হাতলের সরু অংশ দিয়ে তার পিতা মো. ছবুর হাওলাদারের বুকে আঘাত করে। এতে তার পিতা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মুত্যু বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ঈশিতা সাধক নিপু জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার বুকের আঘাতের চিহ্ন রয়েছে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, এ ঘটনায় হত্যাকারী মিজানুর রহমানকে আটক করা হয়েছে।
