বাগেরহাটে ছাত্রলীগের সভাপতিসহ ৭ জনের করোনা শনাক্ত
বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেনসহ নতুন করে আরও ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ছাত্রলীগের সভাপতিসহ ৭ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। গত ২৫ জুন এই সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ। সোমবার দুপুরে আক্রান্তদের বাড়ি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।
বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন বাগেরহাটের মানুষকে সচেতন করা, কৃষকের মাঠের পাকা বোরো ধান কেটে ঘরে তুলে দেয়াসহ নানা সেবামূলক কাজ করতে মাঠে ছিলেন। সোমবার নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ আসায় তাকে বাড়িতে অবরুদ্ধ করা হয়েছে। তবে তার শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গ নেই। আগামী ১৪ দিন তিনি দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ না রেখে হোমকোয়ারেন্টিনে থাকবেন। খুব শিগগির সুস্থ হয়ে তিনি আবারও আমাদের মাঝে ফিরবেন সেই কামনা করছি।
বাগেরহাট সদরে একজন, মোংলাতে দুইজন এবং চিতলমারীতে চারজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এই নিয়ে বাগেরহাট জেলায় মোট ১৯৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হল। এরমধ্যে ৭১ জন সুস্থ হয়েছেন।
বাগেরহাটের সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. সুব্রত দাস জানান, রবিবার যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনসহ আরও ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৫ জুন সন্দেহভাজন এই রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর ল্যাবে পাঠানো হয়।
