কাউখালীতে বসতঘরে অগ্নিকান্ড
পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামে একটি বসতঘর অগ্নিকান্ডে পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। রবিবার সকাল ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেকুটিয়া গ্রামের মো. তোকাচ্ছের আলী হাওলাদারের বসত ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাক চিৎকার করলে এলাকাবাসী এবং ৯৯৯ এ খবর পেয়ে কাউখালীর দমকল বাহিনীর লোকজন এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় পরিবারের সদস্যদের কোন হতাহতের খবর পাওয়া যায়নি তারা ওই সময় ঘর তালাবদ্ধ করে পাশের বাড়িতে গিয়েছিল। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হয়।
খবর পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল এবং কম্বল বিতরণ করেন। এছাড়াও ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আশ্বাস দেন।
