চিতলমারীতে দরিদ্র দুই শিক্ষার্থীর ধান ঘরে তুলে দিলেন শিক্ষকরা
বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনা দুর্যোগের কারণে ধান কাটার শ্রমিক সংকট থাকায় দরিদ্র দুই শিক্ষার্থীর অভিভাবকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
উপজেলার চরডাকাতিয়া গ্রামের দরিদ্র অনাদী মণ্ডল ও সুভাষ চন্দ্র রায়ের দুই বিঘা জমির ধান পাকলেও শ্রমিক সংকট থাকায় তারা তা কাটতে পারছিলেন না। চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অনাদী মণ্ডলের ছেলে অয়ন মন্ডল ও সুভাষ চন্দ্র রায়ের মেয়ে সুবর্ণা রায় বিষয়টি তাদের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডলকে জানালে তিনি স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের সাথে নিয়ে বুধবার সকাল ৭টায় ধান কাটা কার্যক্রম শুরু করেন। প্রধান শিক্ষক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সহায়তায় দুই শিক্ষার্থীর ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
এ ব্যাপারে চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের যে সকল শিক্ষার্থীর পরিবারের লোকজন শ্রমিক সংকটে ধান ঘরে তুলতে পারছেন না আমরা শিক্ষকরা মিলে তাদের ধান কাটার বিষয়ে সহযোগিতা করবো। যতদিন মাঠে ধান থাকবে তাদের এ কাজের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
