ভান্ডারিয়ায় জাটকা বিরোধী অভিযানে কোষ্টগার্ডের সাথে জেলেদের সংর্ঘষ ॥ কোষ্টগার্ডের গুলিতে ৩ জেলে গুলিবিদ্ধ
পিরোজপুরের ভান্ডারিয়ায় জাটকা বিরোধী অভিযানকালে কোষ্টগার্ডের সাথে জেলেদের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এসময় কোষ্টগার্ডের গুলিতে তিন জেলে গুলিবিদ্ধ হওয়াসহ আরও ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার ভান্ডারিয়ার উপজেলার কঁচা ও বলেশ্বর নদীর হরিণপালা-তুষখালি মোহনা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকাল সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী এবং কোষ্টগার্ড ও পুলিশ সদস্যদের সাথে নিয়ে তিনি জাটকা ও ছোট পোনা মাছ নিধন বিরোধী অভিযানে যান। এসময় বলেশ্বর নদীতে জাটকা ও ছোট মাছ ধরার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরণের জাল আটক করা হয়। ওই সব জাল আটক করে ফেরার সময় ভান্ডারিয়ার হরিনপালা ও তুষখালী খালের মোহনায় মাছ শিকার করে জেলেরা জাল লুকানোর সময় কোস্টগার্ড তাদের আটকের চেষ্টা করে। এসময় ভান্ডারিয়া উপজেলার হরিণপালা এলাকায় জেলেরা দেশীয় তৈরী অস্ত্র (রামদা, শুড়কি, বল্লম) নিয়ে তাদের উপর হামলা চালাতে এগিয়ে এলে কোস্টগার্ড জেলেদের উপর ৭ রাউন্ড ফাঁকাগুলিসহ মোট ২৩ রাউন্ড গুলি করে। এ সময় প্রায় সাড়ে ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল আটক করা হয়। আটক করা জালের মধ্যে কারেন্ট জাল, বাধা জাল, বেরা জাল রয়েছে। পরে ওই সব জালে অগ্নিসংযোগ করা হয়।
তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. সামসুদ্দিন হাওলাদার জানায়, তেলীখালী হরিণপালা এলাকায় জেলেদের বাড়ীর সামনে জাল শুকানোর সময় কোস্টগার্ড জাল আটকের চেষ্টা করে। এসময় তাদের সাথে জেলেদের বাগবিতন্ডা হয়। পরে কোস্টগার্ড তাদের উপর গুলি চালালে মো. মোতালেব (৫৫), হাজেরা বেগম (৬০) ও শাহিন (২৫) নামের তিন জেলে আহত হয়। এসময় লাঠির আঘাতে জসিম (২৪), সাদ্দাম (২৫) , তহমিনা (৪৫), শাহনাজ (২০), সেলিম (২২), হেলাল (১৮) হেলাল (৩৫) আহত হয়। আহদের মধ্যে হাজেরা বেগমকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মোতালেব ও শাহিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. নুর আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে ৬টি চাইনিজ রাইফেলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জানায়, কোষ্টগার্ডের গুলিতে ৭/৮ জেলে আহত হলেও তারা কোন প্রকার মামলা বা গ্রেফতার এড়াতে চিকিৎসা না করিয়ে আত্মগোপন করেছেন। তবে দুপুরে মঠবাড়িয়ায় তুষখালী বাজারের এক পল্লী চিকিৎসকের মাধ্যমে ৩ জন জেলে গোপনে চিকিৎসা করান।
ভান্ডারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, অভিযানেরকালে সেখানে পুলিশ ছিলো। জেলেরা অভিযানে অংশ নেয়া সরকারী লোকজনের উপর হামলা চালালে কোষ্টগার্ড হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি চালায়। তবে এতে কেহ আহত বা নিহত হওয়ার কোন খবর আমাদের কাছে নেই।
