প্রধান সূচি

ওএমএস’র চাল বিক্রিতে অনিয়ম

নাজিরপুরে এক ডিলারের নিবন্ধন বাতিল ॥ জামানত বাজেয়াপ্ত

পিরোজপুরের নাজিরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রয়ে (ওএমএস) অনিয়মের অভিযোগ প্রমান হওয়ায় উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ডিলারের নিবন্ধন বাতিল ও জামানতের টাকা বাজেয়াপ্ত করেছে স্থানীয় প্রশাসন। অভিযুক্ত ওই ডিলারের নাম মো. মহসিন উদ্দিন। তিনি উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা স্বপনের বড় ভাই।
জানা গেছে, উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন থেকে ওএমএসের কার্ডধারীদের চাল না পাওয়ার অভিযোগ পেয়ে গত ৯ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার মোহম্মাদ ওবায়দুর রহমান ওই ইউনিয়নের বৈঠাকাটা বাজারে গিয়ে ওএমএস ডিলার মহসিন উদ্দিনের গোডাউনে ইউপি সদস্য আবুল কালাম আকনসহ চাল বঞ্চিত কার্ডধারীদের সাথে কথা বলেন। সেখানে ডিলার মহসিনকে পাওয়া না গেলেও ডিলারের চাল বিতরণের দায়িত্বে থাকা গ্রাম পুলিশ গোলাম মোস্তফা ও ইউপি সদস্য আবুল কালাম আকন চালের হিসাব-নিকাশ সঠিকভাবে দেখাতে পারেনি। এমনকি চাল বিতরণের রেজিষ্টারটিও দেখাতে পারেনি। এক পর্যায়ে গ্রাম পুলিশ মোস্তফা মাস্টাররোল উপস্থাপন করলে তাতেও গড়মিল পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে তাদের উভয়কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ইউএনও মোহম্মাদ ওবায়দুর রহমান।
পরবর্তীতে খাদ্য বান্ধব কর্মসূচী নীতিমালা-২০১৭ এর ৮.৩ অনুচ্ছেদের আলোকে উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি ও ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমানের নির্দেশক্রমে রবিবার ডিলার মহসিন উদ্দিনের ডিলারশীপ বাতিলসহ জামানতের টাকা বাজেয়াপ্ত করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহনাজ পারভীন। পাশাপাশি একই আদেশে পার্শ্ববর্তী দেউলবাড়ী ইউনিয়নের ডিলার তানজির হোসেনকে চলতি মাসের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের দায়িত্ব দেয়া হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের ভিক্তিতে গত ৯ এপ্রিল দুপুরে ওই ইউনিয়নের বৈঠাকাটা বাজারে গিয়ে ওএমএস ডিলার মহসিন উদ্দিনের গোডাউনে চাল বিতরণে অনিয়ম পাওয়া যায়। সেখানে ডিলার মহসিনকে পাওয়া যায়নি। তবে সেখানে চাল বিতরণের দায়িত্বে থাকা গ্রাম পুলিশ গোলাম মোস্তফা ও ইউপি সদস্য আবুল কালাম আকন ওই সময় চালের হিসাব-নিকাশ সঠিকভাবে দেখাতে পারেনি। এমনকি চাল বিতরণের রেজিষ্টারটিও দেখাতে পারেনি। এক পর্যায়ে মাস্টাররোল উপস্থাপন করলে তাতেও গড়মিল পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে তাদের উভয়কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ওই ডিলারের চাল বিতরণ কার্যক্রমে অনিয়ম প্রমাণিত হওয়ায় তার ওএমএসের নিবন্ধন বাতিলসহ বাজেয়াপ্ত করা হয়েছে জামানতের অর্থ। এছাড়া দন্ডিত ওই দুই ব্যক্তির মধ্যে একজন জনপ্রতিনিধি ও একজন গ্রাম পুলিশ হওয়ায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবরে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial