চিতলমারীতে টিসিবি’র তেল কালোবাজারে বিক্রি ॥ সরকার দলীয় শীর্ষস্থানীয় দুই নেতা বহিস্কৃত
বাগেরহাটের চিতলমারীতে টিসিবি’র তেল কালোবাজারে বিক্রির অভিযোগে চিতলমারীর টিসিবি’র ডিলার ১নং বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাব-ডিলার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. মিলন মাঝিকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার বিকেলে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের স্বাক্ষরিত পত্রে উপজেলার ১নং বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়। অপরদিকে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম সোয়েল ও যুগ্ন আহ্বায়ক আব্দুল কাদের এবং বিশ্বজিত সরকার স্বাক্ষরিত পত্রে চিতলমারী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. মিলন মাঝিকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা যৌথভাবে অভিযান পরিচালনা করে সদর বাজারের আবির স্টোর থেকে ৯২ লিটার টিসিবি’র পুষ্টি সয়াবিন তেল উদ্ধার করেন। এ সময় কালোবাজারের মাধ্যমে টিসিবি’র পণ্য মজুদ ও বিক্রয় করার অপরাধে ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
