জ্বর ও সর্দি-কাশি নিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ভান্ডারিয়ায় করোনা সন্দেহে ৫শ’ বাড়ি বাসিন্দারা হোম কোয়ারেন্টাইনে
মঙ্গলবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব ধাওয়া গ্রামে জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যাথা নিয়ে সবুজ হাওলাদার (১৮) নামে এক যুবকের মৃত্যু মৃত্যু ঘটনায় করোনাভাইরাস আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। আর এ আতঙ্কে এলাকার অন্ততঃ ৫শ’ ঘরের বাসিন্দাদের সতর্ক করে দিয়ে তাদের হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
পিরোজপুরের সিভিল সার্জন হাসানাত ইউসুফ জাকি বলেছেন, সবুজের শরীর থেকে রক্তসহ নমুনা সংগ্রহ করে এ মৃত্যু করোনাভাইরাসজনিত কি-না তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরএ পাঠানো হয়েছে।
জানা গেছে, ধাওয়া গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে সবুজ স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে গত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
ধাওয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু জানিয়েছেন, এ ঘটনার পর এলাকায় ৫শ’ ঘরের বাসিন্দাদের সতর্ক করে দিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী) আসনের এমপি ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এ খবর পেয়ে উক্ত এলাকায় সতর্কতামূলক সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম জানান, সবুজ ৫ দিন ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগতেছিলো। মঙ্গলবার তার নাক মুখ থেকে রক্ত বের হওয়ার কিছুক্ষণ পরে দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতেই সে মারা যায়। সবুজের দেহে সম্ভাব্য করোনাভাইরাসের সংক্রমণ কমিউনিটি থেকে ঘটতে পারে বলে তার ধারণা। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, থানার ওসি এস এম মাকসুদুর রহমান ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু প্রমুখসহ তিনি ঘটনাস্থলে যান। সবুজের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনের আগে বাবা-মা গোসল করান এবং ঘরের মধ্যে জানাযা সম্পন্ন করা হয় বলে ইউপি চেয়ারম্যান জানান।
ডা. জহিরুল ইসলাম আরও জানান, মৃত সবুজের বাড়ির অন্যান্য ঘরের বাসিন্দাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে বলে সতর্কতার সাথে তাদের প্রয়োজনীয় খাদ্য পৌঁছে দেয়া হয়েছে।
