৯৯৯ ফোন করে মেয়ের উত্যক্তকারীকে ধরিয়ে দিলেন পিতা ॥ উত্যক্তকারী যুবকের ৬ মাসের কারাদন্ড
পিরোজপুরের কাউখালী উপজেলার নিলতী গ্রামে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে রাসেল হাওলাদার (১৯) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা এ রায় দেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাছা. খালেদা খাতুন রেখা জানান, ঘটনার পরপরই অভিযুক্ত যুবক রাসেলকে জিজ্ঞাসাবাদ, ঘটনার ভুক্তভোগী ও সাক্ষীদের সাথে দীর্ঘক্ষণ আলাপ করা হয়েছে। ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ প্রমানিত হওয়ায় বাংলাদেশের দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত মো. রাসেল হাওলাদার উপজেলার কেশরতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
জানা গেছে, উপজেলার দক্ষিণ নিলতী গ্রামের বেল্লাল হোসেনের ৭ম শ্রেনীতে পড়–য়া মেয়েকে পাশ^বর্তী কেশরতা গ্রামের বখাটে মো. রাসেল হাওলাদার উত্যক্ত করে আসছিল। রবিবার রাসেল ওই স্কুল ছাত্রীর বাড়ির এলাকায় গিয়ে তাকে উত্যক্ত করতে গেলে মেয়ের বাবা বেল্লাল হোসেন জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে জরুরী পুলিশী সহায়তা চান। তখন তাকে কাউখালী থানার ডিউটি অফিসারের সাথে কথা বলিয়ে দেয়া হয়।
এসময় কাউখালী থানার এসআই মো. মনিরুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে যেয়ে অভিযুক্ত উত্যক্তকারীকে আটক করেন। পরে অভিযুক্ত রাসেলকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়।
