মোংলায় চায়না নাগরিকসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
বাগেরহাটের মোংলায় বিপুল পরিমান চায়না মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। এদের মধ্যে ৩ জন চায়না নাগরিক রয়েছেন। রবিবার গভীর রাতে মোংলা উপজেলার পশুর নদী সংলগ্ন সাইলো এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ৩শ’ বোতল চায়না মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগং রোডের মনসুর আহমেদের ছেলে হাসানাত (২৮), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার সোনাখালী গ্রামের মো. আফজাল সিকদার ছেলে মো. রুমন সিকদার (৩২), চিনা নাগরিক জে সনের ছেলে জেরী (২৬), জ্যাক জিয়াও চ্যাংয়ের ছেলে জ্যাক জিয়া (৩৩), লিং হং’র ছেলে ফু (৩৩)।
সোমবার সকালে আটককৃতদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার অপারেশনাল কর্মকর্তা লে. ইমতিয়াজ আলম।
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার অপারেশনাল কর্মকর্তা লে. ইমতিয়াজ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়মনি সাইলো এলাকায় অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মোংলা থানায় মামলা দায়ের করে জব্দ মদসহ আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মদসহ আটকদের কোস্টগার্ড আমাদের কাছে হস্তান্তর করেছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
