প্রধান সূচি

নাজিরপুরে রাজাকার পুত্রকে আ’লীগের কমিটি থেকে অব্যাহতির দাবী

পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক টিপু সুলতানকে রাজাকার পুত্র দাবী করে তাকে আওয়ামী লীগের সকল কমিটি থেকে অব্যাহতি দেয়ার দাবী করে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।

বুধবার বেলা ১১টায় নাজিরপুর প্রেসক্লাব মিলয়নাতনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের উপজেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে তারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে মানববন্ধন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের জন্য সম্মেলন বাস্তবায়ন কমিটি করা হয়েছে। ওই কমিটিতে চিহ্নিত রাজাকার ও মুক্তিযুদ্ধকালীন মালিখালী ইউনিয়ন পিচকমিটির সহ-সভাপতি আব্দুল হাই শেখের ছেলে টিপু সুলতানকে রাখা হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক। এতে  মুক্তিযুদ্ধের সংগঠন আওয়ামী লীগকে অপমানিত করা হয়েছে। তাই রাজাকার পুত্র টিপু সুলতানকে দলীয় পদ থেকে অব্যাহতিসহ ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন বাস্তবায়ন কমিটি থেকে তার নাম প্রত্যাহারের দাবী জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের আগে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মীর মিজানুর রহমান লিটন, উপজেলা যুবলীগ সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান ফারুক হাওলাদার প্রমুখ।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মীর মিজানুর রহমান লিটন বলেন, উপজেলার পেনাখালী ট্রাজেডি নিয়ে একটি বেসরকারী টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে টিপু সুলতানের মায়ের দেয়া এক সাক্ষাতকারে তার স্বামী যুদ্ধকালীন স্বাধীনতা বিরোধীদের ঘনিষ্ট সহযোগী ছিলেন বলে স্বীকার করেছেন। তাছাড়া গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করে পরাজিত হয়েছেন। তার মত একজন বির্তকিত ব্যক্তিকে আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের সম্মেলন বাস্তবায়ন কমিটিতে কোন ভাবে রাখা উচিত নয়।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে মুক্তিযোদ্ধা, তাদের সন্তানসহ  আওয়ামী লীগ  ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

এ ব্যাপারে অভিযুক্ত ওই আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, তিনি আজীবন আওয়ামী লীগ করে আসছেন এবং তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে দাবী করেন। দলীয় কোন্দলের জের ধরে আমার বিরুদ্ধে এ মিথ্যা অপবাদ দেয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial