মঠবাড়িয়ায় হত্যা চেষ্টা মামলার চার্জশিটভুক্ত ৫ আসামী গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক দপ্তরিকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার চার্জশিটভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার টিকিকাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল- ৫৮নং পশ্চিম সেনের টিকিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিলারা আক্তার এমিলি (৪৫), পূর্ব সেনের টিকিকাটা গ্রামের মৃত মন্নান হাওলাদারের ছেলে মজিবর রহমান (৪৫), মৃত আ. রশিদের ছেলে নূরুল হক (৫০), পাঁচশতকুড়া এলাকার মৃত রহিম আকনের ছেলে পান্না আকন (৫০) এবং পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের শাহজাহান মুন্সীর ছেলে মারজান মাহমুদ ইবাদ (১৫)।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মৃত আ. ছত্তার ফরাজীর ছেলে ৬৭নং পূর্ব সেনের টিকিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী দুলাল ফরাজীর সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে প্রতিবেশী শাহজাহান মুন্সীর স্ত্রী এমিলি বেগম গংয়ের বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত ২৪/০৫/১৯ তারিখ দুপুরে আসামীরা দুলাল ফরাজীকে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় দুলাল ফরাজীর ভাই জামাল ফরাজী বাদী হয়ে ৯জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম গত ২৩/১২/১৯ ইং তারিখ ৯ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
