অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, অপরাধ করলে একদিন না একদিন শাস্তি পেতেই হবে। আর বাংলাদেশে অপরাধ করলে তার যে রক্ষা নেই সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে হত্যাকারীদের রক্ষার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৯ সালে জাতীয় সংসদে ইনডেমিনিটি বিল পাশ করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই কালো আইন বাতিল করে বঙ্গবন্ধু’র খুনীদের বিচার করেছেন।
৭১ সালে স্বাধীনতার বিরোধীতাকারী পাকিস্তানি দোসর রাজাকার আলবদরদের বিচার করেছেন। তাদের ফাঁসির রায় কার্যকর হয়েছে। এছাড়া নারায়নগঞ্জের ৭ খুনের ঘটনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্বজিৎ হত্যাসহ বিভিন্ন সময়ে বাংলাদেশে আলোচিত হত্যাকান্ড ও অপরাধের বিচার করেছে শেখ হাসিনার সরকার। অপরাধ করলে শেখ হাসিনার কাছে কোন ছাড় নেই। তাতে সে যত বড় ক্ষমতাশালী, যে দলের বা মতেরই লোক হোক না কেন।
মন্ত্রী বলেন, আজ আমার জীবনের একটি আনন্দের দিন। বঙ্গবন্ধু’র জন্ম না হলে আমরা এই স্বাধীন দেশটাকে পেতাম না। যে মানুষটির জন্ম না হলে আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে বিভিন্ন চেয়ারে, বিভিন্ন পদে বসতে পারতাম না। অথচ সেই মানুষটিকে- বঙ্গবন্ধুকে আমরা দীর্ঘদিন অবজ্ঞায় রেখেছি, অবহেলায় রেখেছি। ১৫ আগস্ট একটি চেয়ার এনে অফিস থেকে বঙ্গবন্ধুর একটি ছবি নামিয়ে সেখানে ফুল দিয়ে দায়সারা ভাবে কিছুক্ষণের জন্য তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আবার তা সরিয়ে ফেলা হতো। দীর্ঘদিন অনেক অফিসেও বঙ্গবন্ধুর ছবিও ছিলো না। আর এর ফলে দীর্ঘদিন ধরে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ হতেছিলো। কারণ যে মানুষটির ডাকে সাড়া দিয়ে আপনারা মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়েছিলেন। আমি নির্বাচিত হওয়ার পর নাজিরপুরে বঙ্গবন্ধুর একটি ম্যূরাল নির্মাণের উদ্যোগ নেই। মুজিব শতবর্ষে আজ সেটা বাস্তবায়ন এবং উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।
মুজিব বর্ষ উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে সামনে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যূরাল উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, নাজিরপুর-পিরোজপুর মহাসড়ক, পিরোজপুর-স্বরূপপকাঠী মহাসড়কেও বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ করা হবে। এছাড়া আমার নির্বাচনী এলাকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী দপ্তরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফাহমী মোহাম্মদ সায়েফের সভাপতিত্বে যুবলীগ নেতা এসএম রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী, পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শেখ আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া। সভা শেষে দোয়া মোনাজাত পারচালনা করেন সদর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান।
এদিকে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম রেজাউল করিম শুক্রবার বিকেলে নাজিরপুর উপজেলার বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাপ্তন ছাত্র পরিষদ আয়োজিত ‘সুবর্ন জয়ন্তী উদ্যাপন ও পুর্নমিলন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান- অর্থের অভাবে যেন কোন শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ না হয়ে যায়। তাই তিনি শিক্ষাখাতে সর্ব্বোচ্য বরাদ্ধ রেখেছেন্ শেখ হাসিনার সরকারই সারাদেশে বছরের প্রথম দিনে বিনামূলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। শিক্ষার্থীদের উপবৃত্তি, মিড ডে মিল চালু করেছেন। বর্তমান সরকার বিদ্যালয় এবং বিদ্যালয়ের শিক্ষকদের উন্নয়নেও ব্যাপক করেছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিরোজপুরের শিক্ষার প্রসারের জন্য পিরোজপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন। এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়নে পিরোজপুরে ইকোনোমিক জোন তৈরীরও অনুমোদন দিয়েছেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আতিয়ার রহমান চৌধুরী (নান্নু)’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার এম. আতাহার আলী, পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিক, শেখমাটিয়া ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান হাওলাদার (আতিয়ার) প্রমুখ।
