নাজিরপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা ॥ প্রাইভেটকারসহ আটক ৩
পিরোজপুরের নাজিরপুরে মায়ের সামনে থেকে এক কলেজছাত্রীকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে অপহরণ করে নিয়ে পালানোর সময় অপহরণের কাজে ব্যাবহৃত প্রাইভেটকারসহ ৩ অপহরণকারীকে আটক করেছে স্থানীয়রা। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলা শ্রীরামকাঠী ইউনিয়নের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আটক অপহরণকারীদের থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ওই কলেজছাত্রী উপজেলা সদরের সরকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী।
আটককৃতরা হলেন, উপজেলার শ্রীরামকাঠী গ্রামের খলিল শেখের ছেলে মো. এখলাছ হোসেন শেখ (২৮), ভীমকাঠী গ্রামের বিমল মন্ডলের ছেলে সিধু মন্ডল (১৮) ও পিরোজপুর সদর উপজেলার উত্তর শিকারপুর এলাকার ফারুক হাওলাদারের ছেলে মো. নুরুজ্জামান হাওলাদার (৩৭)।
কলেজ ছাত্রীর পিতা জানান, তার মেয়ে নাজিরপুর উপজেলা সদরের সরকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীতে অধ্যায়নরত। সে পার্শ্ববতী স্বরূপকাঠী উপজেলার ভরতকাঠী গ্রাম থেকে নিয়মিত কলেজে আসা-যাওয়া করতো। কলেজে যাওয়া আসার পথে শ্রীরামকাঠী গ্রামের এখলাছ শেখ তাকে প্রেমের প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করে আসছিলো। এতে সে রাজি না হওয়ায় তাকে অপহরণসহ বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছিলো।
আজ শনিবার দুপুরে তার স্ত্রী ও মেয়ে তার মামা বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থেকে নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে ঘটনাস্থলে পৌঁছে। এ সময় শ্রীরামকাঠীর বকুলতলা এলাকায় পূর্ব থেকে ওৎপেতে থাকা এখলাছ শেখসহ তার সহযোগীরা মায়ের সামনে থেকে মেয়ের (ওই কলেজ ছাত্রীর) মুখ চেপে ধরে জোরপূর্বক একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৬৯৯৮) তুলে শ্রীরামকাঠী থেকে নাজিরপুর সদরের দিকে দ্রুতগতিতে চলে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. ফারুক হাওলাদার বলেন, ওই কলেজ ছাত্রীকে অপহরণ করে প্রাইভেট কারে করে তুলে নিয়ে পালানোর সময় ওই ছাত্রীর মা চিৎকার দিলে আমিসহ কয়েকজন এগিয়ে যাই এবং তার কাছে ঘটনা শুনে উপজেলার কালিবাড়িতে থাকা লোকজনদের ফোন করে প্রাইভেটকারটি আটক করতে বলি।
কালিবাড়ি থাকা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান তুহিন বলেন, শ্রীরামকাঠী থেকে যুবলীগ নেতা ফারুক হাওলাদারের ফোন পেয়ে আমি স্থানীয়দের সহায়তায় ওই প্রাইভেটকারটি আটক করি এবং গাড়ি থেকে অপহৃত ওই কলেজ ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করি। এসময় গাড়ীতে থাকা অপহরণকারী এখলাছ শেখ, সিধু মন্ডল ও গাড়ী চালক নুরুজ্জামানকে আটক করে থানা পুলিশে সোপর্দ করি।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, ওই কলেজছাত্রীসহ আটক ৩ জন থানা হেফাজতে আছে। তবে এ ব্যাপারে এখানো লিখিত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
