নাজিরপুরে আ’লীগের অফিস ভাংচুরের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
পিরোজপুরের নাজিরপুরের মাটিভাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের অভিযোগে মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীনসহ অর্ধশত লোকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাটিভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বাবুল হাসান বুলু বাদী হয়ে সোমবার রাতে এ মামলা দায়ের করেন। মামলায় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ২৪ জন নাম উল্লেখ করে আরো ২০/২৫ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত রবিবার রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয় দক্ষিণ বানিয়ারী বাজারে অবস্থিত ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে বসে কমিটি গঠনের পূর্ব প্রস্তুতি উপলক্ষে ওই ছাত্রলীগ নেতাসহ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। এ সময় বিএনপি সভাপতি সাফায়েত হোসেন শাহীন ও স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল সরদারের নেতৃত্বে অফিসের সামনে এসে গালাগালি ও হুমকি দেয়। পরে রাত ১১টার দিকে তারা দলীয় বৈঠক শেষে বাড়ি ফেরার সময় বিএনপি সভাপতির নেতৃত্বে তার সহযোগীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া করে মারধর করে। এ সময় হামলাকারীরা আওয়ামী লীগ অফিস ভাংচুর ও অফিসে থাকা বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি এবং আসবাবপত্র ভাংচুর করে।
নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম মুনির জানান, এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা রুজু হয়েছে।
