প্রধান সূচি

ইন্দুরকানীতে বুলবুলে ক্ষতিগ্রস্থের সাহায্যের টিন রেখে দিল জেপি নেত্রী !

জেলার ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ এক অসহায় মহিলার সাহায্যের টিন রেখে দিয়েছে জাতীয় পার্টি (জেপি) নেত্রী আমেনা। সোমবার উপজেলায় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে এক বান করে ঢেউটিন ও তিন হাজার টাকা বিতরণ করেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি।

ঘূর্ণিঝড় দুর্গত হিসেবে প্রাপ্ত টিন বাড়ি নেওয়ার পথে উপজেলার কলারণ গ্রামের আব্দুস ছালামের স্ত্রী পাখি বেগমের কাছ থেকে উপজেলা মহিলা জেপির সহ-সভাপতি মোসা: আমেনা বেগম উক্ত টিন জোর করে নিয়ে যায় এবং তাকে বলে তালিকায় তোমার নাম দিয়াছি আমি। কিন্তু তোমার এই ঘূর্ণিঝড়ে কোন ক্ষতি হয় নি। আমি তোমাকে টিন দিবো না। আর বরাদ্দকৃত তিন হাজার টাকার থেকে এক হাজার টাকা তোমার খরচ বাবদ দিবো। পরে পাখি বেগম সাংবাদিকসহ বিভিন্ন লোকজনের কাছে এ বিষয়ে অভিযোগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানায়, একই এলাকার এক ঘরে মা ছালেহা এবং ছেলে জামালকে ত্রাণের টিন ও টাকা দেওয়া হয়েছে। কিন্তু তাদের বুলবুলে কোন ক্ষতি হয় নি। যাদের দরকার তাদের না দিয়ে দলীয় ভাবে দেওয়া হয়েছে।

পাখি বেগম জানান, আমি বাড়ি যাওয়ার সময় আমেনা বেগম তার বাড়ির সামনে বসে আমার ভ্যান থামিয়ে বলে তালিকায় তোমার নাম আমি দিয়েছি। তুমি টাকা পাবে, তাই টিন পাবে না বলে ভ্যান থেকে জোর করে টিন নামিয়ে রেখে দেয় এবং এ ব্যাপারে অন্য কাউকে না জানানোর জন্য হুমকি দেয়।

অভিযুক্ত জেপি নেত্রী আমেনা বেগম জানান, আমি টিন রাখিনি। সকালে নিবে বলে আমার কাছে টিন জমা রেখে গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আমরা ক্ষতিগ্রস্থ ব্যক্তির হাতে টিন ও তিন হাজার চেক দিয়েছি। পথ থেকে টিন রেখে দেওয়ার কথা শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial