ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টা সফলে স্বাধীন দেশ উপযোগী মানসিকতা থাকতে হবে … আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টাকে সফল করতে হলে মানুষের স্বাধীন দেশ উপযোগী মন-মানসিকতা থাকতে হবে। আমাদের দেশের অধিকাংশ মানুষ স্বাধীনতা ও পরাধীনতার পার্থক্য বুঝতে চান না। একটি স্বাধীন জাতি গঠন ও নিজের বা পরিবারের কল্যাণের জন্য লেখা-পড়ার প্রয়োজনীয়তা অপরিসীম।
সোমবার বিকেলে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার টগড়া বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা এখন স্বাধীন। আমাদের চিন্তা, কথা ও কাজে স্বাধীনতার প্রতিফলন থাকতে হবে। ৪৮ বছর দেশ স্বাধীন হয়েছে, এখন আমাদের সরকারের কাছে অর্থের অভাব নেই। সরকারের কাছ থেকে প্রচুর উন্নয়ন বরাদ্দ পাওয়া যায়। স্বাধীন মানসিকতা নিয়ে এই বরাদ্দের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। যদিও বরাদ্দকৃত অর্থের এক তৃতীয়াংশ প্রশাসনিক ব্যবস্থাপনাগত ক্ষেত্রে চিঠিপত্র চালাচালিতে বিনষ্ট হয়। উপজেলা পর্যায়ে তারপরও যে দুই তৃতীয়াংশ অর্থ ব্যবহৃত হয় তাও আবার দায়িত্বশীলতার অভাব, সিদ্ধান্তহীনতা ও বাস্তবায়নের দীর্ঘসূত্রিতার কারণে নিশ্চিতভাবে সদ্ব্যবহার হয় না। এ সব কারণে সময় মত কাজ যাতে সম্পন্ন হয় সে বিষয়ে খোঁজখবর নিতে আমরা ঘন ঘন এলাকায় আসি। পরাধীনতার আমলে বর্তমান সময়ের মত প্রয়োজনীয় অর্থের যোগান ছিল না। সিংহভাগ অর্থ তৎকালীন পশ্চিম পাকিস্তানের করাচি-পিন্ডিতে চলে যেত বলে সৃষ্ট বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করে দেশ স্বাধীন করেছি। ন্যায্য হিস্যা-পাওনা আদায়ে আমরা ছাত্র রাজনীতি করেছিলাম। এখন সেই ছাত্র রাজনীতি নেই। ছাত্র নেতারা ঠিকাদারী করে, এই অপেশাদার ঠিকাদারদের কারণে উন্নয়ন কাজ বিঘিœত হয়।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, উন্নয়নের জন্য এলাকার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কাজের প্রশ্নে দলমত ও রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। ভান্ডারিয়া-কাউখালীসহ যেসব এলাকায় শৃঙ্খলা রয়েছে, মানুষের মাঝে সহিষ্ণুতা বিদ্যমান সেখানে সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলা ইত্যাদি ক্ষেত্রে ধারাবাহিকভাবে উন্নয়ন হচ্ছে। আগে এই ইন্দুরকানী এলাকায় হানাহানি, মামলা-মোকদ্দমা ইত্যাদি কারণে মানুষের মাঝে শান্তির পরিবেশ ছিল না। এখন যতটুকুই উন্নয়ন কাজ হোক না কেন বাসিন্দারা স্বস্তি ও নিরাপত্তার মাঝে দিনাতিপাত করেন। যে কোন মূল্যে এই পরিস্থিতি অব্যহত রাখতে হবে।
ইন্দুরকানী উপজেলার টগড়া কামিল মাদ্রসা, ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসা, টগড়া বালিকা দাখিল মাদ্রাসা, কলারন চন্ডীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও ইন্দুরকানী মাধ্যমিক বিদ্যালয় এই পাঁচটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এমপিও ভূক্তির সিদ্ধান্তে আয়োজিত এ দোয়া ও শোকরানা অনুষ্ঠান উপলক্ষ্যে সমবেত এলাকাবাসীর উদ্দেশ্যে আনোয়ার হোসেন মঞ্জু এ বক্তব্য রাখেন।
পাড়েরহাটের টগড়া বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি (জেপি) আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল কবির স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার মাওলানা গিয়াস উদ্দিন সেলিম ও এফ করিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহ আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মো. আল মুজাহিদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. সোলায়মান হোসেন। এ সময় মঞ্চে ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমীন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান ও উপজেলা জেপি’র কো-আহ্বায়ক গোলাম সরোয়ার বাবুল, জেপি’র উপজেলা সদস্য সচিব মো. শাহীন হাওলাদার প্রমুখ।
আনোয়ার হোসেন মঞ্জু এমপি এদিন সন্ধ্যায় ইন্দুরকানী উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাম্প্রতিক ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন পরিবারের মধ্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করেন। এ সময় উপজেলার বিভিন্ন আবাসন প্রকল্পের বাসিন্দাদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।
দুঃস্থ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ
আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র উপস্থিতিতে এরপর পত্তাশী ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসচ্ছল পরিবারের মধ্যে দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার দুপুরে বালিপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসচ্ছল পরিবারের মধ্যে দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া সকালে পাড়েরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসচ্ছল পরিবারের মধ্যেও শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ কাজে অংশ নেন দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ, সংস্থার কর্মকর্তা কাজী আতাহার আলী ও সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা আতিকুজ্জামান খোকন।
ভান্ডারিয়া পৌর এলাকায় গণসংযোগ
ভান্ডারিয়া প্রতিনিধি শংকরজীৎ সমাদ্দার জানান, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি সোমবার দুপুরে ভান্ডারিয়ার পৌর এলাকায় গণসংযোগ করেন। তিনি এলাকার মুরব্বী ও পৌরবাসীর সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজমুল আলম, উপজেলা জেপি’র সিনিয়র যুগ্¥ আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেপি’র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা, জেপি নেতা ইউসুুফ আলী আকন, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশীদ তারেক প্রমুখ।
