পেট্রোল পাম্পগুলোতে চলছে কর্মবিরতি
বাগেরহাটে লিটারে ১৪ টাকা বেশিতে বিক্রি হচ্ছে তেল
জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংক-লরির ভাড়া বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে খুলনা বিভাগের সকল জেলাগুলোর মত বাগেরহাটেরও পেট্রোল পাম্পগুলো তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। আর এ সুযোগে কিছু অসাধু খুচরা পেট্রোল ও ডিজেল ব্যবসায়ীরা লিটারে ১০ থেকে ১৪ টাকা বাড়িয়ে পেট্রোল ও ডিজেল বিক্রি করছেন। এতে ভোগান্তিতে পড়েছেন মোটর সাইকেল ও যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনের চালকরা।
রবিবার শহরের বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, প্রতিটি পাম্পের সামনে মোটা রশি ও তেলের ড্রাম দিয়ে বেরিকেড দিয়ে রাখা হয়েছে। সেখানে কোনো যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। পাম্পগুলোতে কর্মকর্তা-কর্মচারীরা থাকলেও তারা তেল বিক্রি করছেন না।
বাগেরহাট কেন্দ্রীয় বাস র্টারমিনাল এলাকায় বসে থাকা ট্রাকচালক কামাল শেখ বলেন, আজ যে পাম্পগুলো বন্ধ থাকবে, আমার তা জানা ছিলো না। ট্রাক নিয়ে পাম্পে গিয়ে দেখি তেল বিক্রি বন্ধ। তাই কাজ-কাম বন্ধ করে দিয়ে বসে আছি।
ভাড়ায় মোটর সাইকেল চালক হিরণ মোল্লা বলেন, মোটর সাইকেলে যাত্রী উঠিয়ে পাম্পে এসে দেখি তেল বিক্রি বন্ধ। বাধ্য হয়ে যাত্রী নামিয়ে ফিরে এসেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক খুচরা তেল বিক্রেতা জানান, পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ থাকার কারণে খুচরা দোকানগুলোতে মোটরসাইকেল, যাত্রীবাহী মাহেন্দ্র, বাসসহ বিভিন্ন যানবাহনের চালকরা ভিড় করছেন। এ সুযোগে আমরা যারা খুচরা তেল বিক্রেতা তারা পেট্রোল প্রতি লিটারে ১৪ টাকা ও ডিজেলে ১০ টাকা বেশি নিচ্ছি। এরপরও জেলার অধিকাংশ খুচরা তেলের দোকানগুলোতে তেল পাচ্ছেন না যানবাহন চালকরা।
