প্রধান সূচি

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে

পিরোজপুরে গাছ চাপায় নিহত-১ ॥ ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে পিরোজপুরে রবিবার সকাল থেকে ঝড়ো হাওয়া ও ব্যাপক বৃষ্টিপাত হয়। ঝড়ো হওয়ায় জেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। জেলার নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের লড়া গ্রামে বসতঘরের ওপর গাছ পড়ে ঘর চাপায় ননী গোপাল মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। এছাড়া উপজেলার মধ্য কলারদোয়ানিয়া গ্রামে নজরুল ইসলামের বসতঘরের উপর বড় আকারের একটি চাম্বলগাছ পড়ে গাছের নীচে চাপা পড়ে নজরুল ইসলামের মেয়ে সুমীর (৮) বাম পা ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ছেলে নাসির (১৬) ঘাড় ভেঙ্গে গুরুতর আহত হয়েছে।
বরিবার সকালের ঝড়ে পিরোজপুর জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় বহু গাছপালা উপড়ে পড়ে। ঘরবাড়ি ও বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া সড়কের উপর গাছ উপরে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পিরোজপুর শহরের পাড়েরহাট রোড এলাকায় রেজাউল কবীর বাদলের বাসার ভাড়াটিয়া দিনমজুর মো কুদ্দুসের বসতঘরের উপর সকাল ১০ টার দিকে একটি শিরিষ গাছ পড়ে তার বসতঘর বিধ্বস্ত হয়ে ঘরের ফ্রিজ, আসবারপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
পৌর শহরের খুমুরিয়া, কলেজ রোড, কালিবাড়ি রোড, পুলিশ লাইন, বৌদ্য পাড়া, আলামকাঠী, ঝাঠকাঠী, শিকারপুর, পালপাড়া, সদর উপজেলার কলাখালী, উদয়কাঠী, পুখুরিয়া, দূর্গাপুর, টোনা, শারিকতলা, রানিপুর, বেকুটিয়াসহ বিভিন্ন এলাকায় গাছ ভেঙ্গে ও উপড়ে পড়ে। জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ে বিদ্যুৎ লাইন বিপর্যস্ত হয়ে পড়ায় শহরসহ জেলার সকল উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফায়ার সার্ভিস ও জেলা পুলিশের সদস্যরা সড়ক ও বিদ্যুৎ লাইনের উপর উপড়ে ও ভেঙ্গে পড়া গাছ অপসারণে করে।
পিরোজপুর বিদ্যুৎ বিভাগের আবাসিক নির্বাহী প্রকৌশলী শামছুল ইসলাম খান জানান, পিরোজপুরের ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর বিভিন্ন স্থানে গাছ পড়ে লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জেলা শহরের বিভিন্ন স্থানের বিদ্যুৎ সরবরাহ লাইনেও গাছ পড়ে লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব লাইন সংস্কার করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কয়েকদিন সময় লাগবে।
এদিকে, ব্যাপক বৃষ্টিপাতের কারণে জেলা শহরসহ বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। পিরোজপুর পৌর এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এছাড়া নিম্নাঞ্চল ও নদী তিরবর্তী এলাকা পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে মৎস্য ঘের ও সবজি ক্ষেত।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial