গণপূর্ত মন্ত্রীর ছবি ও কন্ঠস্বর বিকৃতকারী গ্রেফতার ॥ ৫ দিনের রিমান্ডে
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র ছবি ও কন্ঠস্বর বিকৃত করে কটুক্তি করায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ। গ্রেফতারকৃতের নাম মো. আমিনুল ইসলাম আমিন (৩৫)। মঙ্গলবার আদালত তাকে ৫ দিনের রিমান্ড দিয়েছে।
ডিবি সূত্র জানায়, ২০১৬ সালের ২৪ জানুয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে “হেফাজতে ইসলাম বাংলাদেশ” নামক আইডিসহ আরো কিছু আইডি থেকে বর্তমান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এর ছবি ও কন্ঠস্বর নকল ও বিকৃত করে ধর্মপ্রাণ মুসলমানদের উত্তেজিত করার জন্য বিভিন্ন পোস্ট দেয়। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রখ্যাত আইনজীবী শ. ম. রেজাউল করিম এর অভিযোগের প্রেক্ষিতে ২০১৬ সালের ২৭ জানুয়ারী রমনা মডেল থানায় একটি মামলা রুজু হয়।
চলতি বছরের ৪ নভেম্বর বরিশাল জেলার উজিরপুর থানার কচুয়া গ্রামে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম আমিন গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।
পুলিশ গ্রেফতারকৃত আমিনুলকে মঙ্গলবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
