এমপি’র সাথে উপজেলা চেয়্যারম্যানের গাড়ি চালকের দুর্ব্যবহার ॥ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
জাতীয় সংসদের হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুরের-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর সাথে স্থানীয় উপজেলা চেয়ারম্যানের গাড়ি চালক রিপন দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃংখলা সভায় এ কমিটি গঠন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ^াসকে প্রধান ও মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমানকে তদন্তপূর্বক পাঁচ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
অভিযোগ জানা গেছে, গত ১৮ অক্টোবর শুক্রবার জাতীয় সংসদের হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজী এমপি মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ পড়ে রাস্তায় বের হলে উপজেলা চেয়ারম্যানের গাড়ি চালক রিপন তার সাথে দুর্ব্যবহার করে। পুলিশ ঘটনাস্থলে উপাস্থিত হলে গাড়ি চালক রিপন পালিয়ে যায়। গত ২৩ অক্টোবর বুধবার সকালে গাড়ি চালক রিপন রাস্তার মধ্যে পুনরায় এমপির সাথে আক্রমনাত্মক আচরণ ও দুর্ব্যবহার করে।
এ ঘটনায় এমপি ডা. রুস্তম আলী ফরাজী ২৩ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজের মাধ্যমে সচিব স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর আক্রমনাত্মক আচরণের আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।
তদন্ত কমিটির আহবায়ক সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বলেন, বুধবার সকালে চিঠি পেয়েই গাড়ীর ড্রাইভার রিপনকে নোটিশ করা হয়েছে। তিনি আরও বলেন এ বিষয় তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।
